আপডেট : ০৯ September ২০২০
কর্ণফুলী নদীর পেশাদার সাম্পান মাঝিদের (পাটনিজীবি) ঘাট দিতে সম্মত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পাটনিজীবি নীতিমালা ২০০৩ এর অনুযায়ী ঘাট ভিত্তিক পেশাদার সাম্পান মাঝি সমিতি চসিক তালিকাভুক্ত করে ঘাট ইজারা দেয়া হবে বলে জানিয়েছেন চসিক প্রশাসক খোরশেদুল আলম সুজন। আজ বুধবার চসিক সম্মেলন কক্ষে সাম্পান মাঝিদের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে সাম্পান মাঝিরা চসিক প্রশাসককে বলেন, ঘাট ব্যবসায়ীরা ইজারা নেয়ায় পেশাহীন হয়ে পড়েছে তারা। অর্থাভাবে পরিবার পরিজন নিয়ে সীমাহীন কষ্টে রয়েছে তারা। যে কারণে অনেক সাম্পান মাঝি পেশা ছেড়ে চলে যাচ্ছে। চসিক প্রশাসক মাঝিদের অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আগামীতে সাম্পান মাঝিরাই ঘাট ইজারা পাবেন। আমার নির্ধারিত সময়ের মধ্যে পাটনীজীবি সাম্পান সমিতিকে সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত করা হবে। এর বাইরে পাটনীজীবি নাম দিয়ে অপেশাদার কেউ ঘাট ইজারা নিতে পারবে না। বৈঠকে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম ও প্রশাসকের একান্ত সচিব আবুল হাশেমও ভূসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের পক্ষে প্রতিনিধিত্ব করেন উপদেষ্টা আলীউর রহমান। এতে সাম্পান মাঝিদের পক্ষ উপস্থিত ছিলেন, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন এর সভাপতি এস এম পেয়ার আলী, ইছানগর বাংলাবাজার সাম্পান মাঝি সমিতির সাধারণ সম্পাদক মো. ইউচুফ, অর্থ সম্পাদক মোঃ জসিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ১১নং মাতুব্বর ঘাট ও জুলধা সাম্পন মালিক (পাটনী) সমিতির সভাপতি আব্দুর শুক্কর সাধারণ সম্পাদক এয়াসিন আরাফাত, ১৪ নম্বর গুচ্ছ গ্রাম ঘাট নৌকা পারাপার সমিতির সভাপতি ফরিদুল আলম ও সদস্য মনির আহমদ প্রমুখ। প্রসঙ্গত, গত পহেলা বৈশাখ ১৪২৭ বাংলা তারিখে ঘাট ইজারা নীতিমালা উপেক্ষা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঘাট ইজারায় পাটনিজীবি সাম্পান মাঝিদের অগ্রাধিকার না দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের ইজারা প্রদান করেন। এতে ঘাটছাড়া ইছানগর বাংলাবাজার সাম্পান মাঝি সমিতি, ১১নং মাতুব্বর ঘাট ও জুলধা সাম্পান মাঝি (পাটনী) সমিতি ও ১৪ নম্বর গুচ্ছ গ্রাম ঘাট নৌকা পারাপার সমিতির মাঝিরা চসিকের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত আবেদন করে। গত ২৯ এপ্রিল ২০২০ তারিখ সাম্পান মাঝিদের ঘাট ইজারা দিতে মন্ত্রণালয় থেকে চসিককে নির্দেশ দেয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ সত্ত্বেও সাম্পান মাঝিদের ঘাট ইজারা না দেয়ায় আন্দেলনে নামে সাম্পান মাঝিরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১