বাংলাদেশের খবর

আপডেট : ০৯ September ২০২০

তথ্য ভবনে শিশু পরিচর্যা কেন্দ্র উদ্বোধন


রাজধানীর সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবনে শিশু পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার আজ বুধবার সকালে এ শিশু পরিচর্যা কেন্দ্রর উদ্বোধন করেন। এ শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের ফলে তথ্য ভবনে অবস্থিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে কর্মরত কর্মজীবী মায়েরা তাদের শিশু সন্তানদের কাছে রেখে সুষ্ঠুভাবে দাপ্তরিক কাজ সম্পাদনের সুযোগ পাবেন।

এ সময় তথ্য সচিব বলেন, সরকার নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন কর্মসূুচি গ্রহণ করেছে। কর্মস্থলে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন তেমনই একটি উদ্যোগ। এর ফলে নারীরা সন্তান ও পরিবারের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি কর্মক্ষেত্রেও দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছেন।

তথ্য ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত এ শিশু পরিচর্যা কেন্দ্রে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধূলা করার সুযোগ রয়েছে। শিশুদের বুকের দুধ পান করানোর জন্য পৃথক কর্নারও রয়েছে। ছয় বছর বয়স পর্যন্ত শিশুরা এ পরিচর্যা কেন্দ্রের সেবা গ্রহণ করতে পারবে।

শিশু পরিচর্যা কেন্দ্র ছাড়াও তথ্য সচিব ভবনের তেরো তলায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সুবিধা সংবলতি একটি প্রশিক্ষণ কক্ষের উদ্বোধন করেন।

পরে তথ্য সচিব কামরুন নাহার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্ভাবনী পরিকল্পনা বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করেন। তিনি সকলকে তাদের মেধা প্রয়োগের মাধ্যমে সরকারের সেবামূলক কার্যক্রমের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১