বাংলাদেশের খবর

আপডেট : ০১ September ২০২০

ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারীকে সন্ত্রাসী ঘোষণা


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ২০১৯ সালের ১৫ মার্চের হামলার জন্য দায়ী অপরাধীকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ ঘোষণা দেন, খবর সিনহুয়া।

আরডার্ন এক বিবৃতিতে বলেন, অপরাধীকে এ আখ্যা দেয়া সব ধরনের সন্ত্রাসবাদ এবং হিংসাত্মক উগ্রবাদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের নিন্দার এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

প্রধানমন্ত্রী জানান, নিউজিল্যান্ডের আইনে এ ধরনের আখ্যা দেয়ার ফলে সন্ত্রাসী ব্যক্তি বা সংগঠনের সম্পদ বাজেয়াপ্ত হয়ে যায়।

‘এমন আখ্যা নিশ্চিত করে যে অপরাধী ভবিষ্যতে সন্ত্রাসবাদে অর্থায়নে জড়িত হতে পারবেন না,’ আরডার্ন বলেন।

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অর্থায়ন রোধ করার জন্য নিউজিল্যান্ড এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের বাধ্যবাধকতা রয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারীসহ বর্তমানে নিউজিল্যান্ডের আইনের অধীনে ২০টি সন্ত্রাসবাদী ব্যক্তি বা সংগঠন রয়েছে।

সূত্র: ইউএনবি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১