আপডেট : ২২ August ২০২০
টাঙ্গাইলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিক্ষকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে, আহত হয়েছে একজন। শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন (৫৪), তার স্ত্রী একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিউলি খাতুন (৪২), নিহত আল আমিনের বাবা মো. সোহরাব আলী (৭৫) ও মা সালেহা বেগম (৭০)। এ দুর্ঘটনায় আল আমিনের বোন হাজেরা বেগম ও সিএনজি চালক ফেরদৌকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, ভূঞাপুর থেকে সিএনজিতে আল আমিন ও তার পরিবারের লোকজন ডাক্তার দেখাতে টাঙ্গাইল যাচ্ছিলেন। এসময় টাঙ্গাইল বাইপাস এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী সৈকত পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিউলি খাতুনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আল আমিন, সোহরাব আলী ও সালেহা বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর তাদেরও মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ভূঞাপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম বলেন, আল আমিন ও তার স্ত্রী দক্ষ শিক্ষক ছিলেন, তাদের এভাবে চলে যাওয়ায় আমরা উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবার গভীর শোক প্রকাশ করছি।
নিহত আল আমিন ভূঞাপুর উপজেলা সদরের পশ্চিম ভূঞাপুর এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তাদের ঘরে দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে আশা খাতুন দশম ও ছোট মেয়ে আখি ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে।
শুক্রবার রাত নয়টায় পশ্চিম ভূঞাপুর কবরস্থানে তাদের জানাযা শেষে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১