বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০২০

জাফলংয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার


সিলেটের গোয়াইনঘাটের জাফলং জিরো পয়েন্টে পানিতে ডুবে নিখোঁজের দুদিন পর জুবায়ের আহমেদ (২২) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

জুবায়ের আহমেদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লামকাইন এলাকার জজ মিয়ার ছেলে এবং স্থানীয় বায়তুল ফালাহ মাদরাসার ছাত্র।

পুলিশ জানিয়েছে, জুবায়ের ও তার ১৫ জন বন্ধু মিলে ময়মনসিংহ থেকে গত মঙ্গলবার দুপুরে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে তারা জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে গোসল করতে নামেন। সাতার না জানায় এ সময় স্রোতের টানে পানিতে ডুবে নিখোঁজ হয় জুবায়ের।

নিখোঁজের পর থেকেই স্থানীয় থানা ও ট্যুরিস্ট পুলিশ, বিজিবি এবং সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়েও তার সন্ধান পায়নি।

তবে নিখোঁজের দুদিন পর বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন জাফলংয়ের ডাউকি নদীর নয়াবস্তি এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, সকালে স্থানীয় লোকজন নয়াবস্তি এলাকায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জুবায়েরের লাশ হিসেবে শনাক্ত করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১