আপডেট : ০৯ July ২০২০
নরসিংদীর বেলাবতে গোসল করতে নেমে আড়িয়াল খাঁ নদের পানিতে ডুবে লিজা আক্তার (১২) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার ছোট বোন রিমা আক্তার (১০)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরউজিলাব ইউনিয়নের দেওয়ানের চর গ্রামে আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটেছে। নিহত লিজা আক্তার চরউজিলাব ইউনিয়নের দেওয়ানের চর গ্রামের গাংকুলপাড়া এলাকার কুদ্দুছ মিয়ার মেয়ে। সে দেওয়ানের চর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ও রিমা আক্তার দেওয়ানের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। চরউজিলাব ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির অদূরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে দুই বোন লিজা আক্তার ও রিমা আক্তার। এসময় নদীর স্রোতে ছোট বোন রিমা আক্তারকে পানিতে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে গিয়ে ডুবে যায় বড় বোন লিজা আক্তারও। তাদের ডুবে যাওয়ার বিষয়টি টের পেয়ে নদীতে গোসল করতে আসা অন্যান্য লোকজন দুইবোনকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থলেই লিজা আক্তার মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় রিমা আক্তারকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১