আপডেট : ১৩ May ২০২০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত সরকার চার কোটি মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে। ৬৪টি জেলায় প্রায় দেড় লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং এক কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে। ‘একটি মতলবি মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে’ বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আজ বুধবার (১৩ মে) সকালে তার সরকারি বাসভবন থেকে অনলাইনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যারা মনে করছেন এ সিদ্ধান্ত ভুল, তাদের বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে চেয়ে বিষয়টি বিবেচনা করার অনুরোধ রইলো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, দেশের যে কোনও দুর্যোগে আর্ত মানবতায় সেবার আগেই মানবিক সহায়তা নিয়ে তারা দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে। দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির এ সময় মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরের লক্ষ্মণ দেখা যাচ্ছে। তাই এডিস থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা জরুরি। সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১