আপডেট : ০৪ May ২০২০
বাংলালাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এসএম হারুন অর রশীদ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।তারা বাসায় আইসোলেশনে আছেন। এস এম হারুন অর রশীদ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। রাতে গণমাধ্যমে তিনি জানান, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। গত শুক্রবার আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহের পর শনিবার রাতে তার করোনা পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই বিশ্রামে আছেন তিনি। স্ত্রীর করোনা আক্রান্তের ব্যাপারে বিটিভি মহাপরিচালক বলেন, ‘তার আপাতত জ্বর নেই; শারীরিক অবস্থাও আগের তুলনায় ভালো। তিনিও বাসায় আইসোলেশনে আছেন।’ হারুন অর রশীদের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরোনো অনুষ্ঠান চালানো হতে পারে বলে জানা গেছে। অপরদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুন। রোববার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। ওই হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পার্সন ডা. মাহবুবুর রহমান সাংবাদিকদের বিষয়টি জানান। উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১