বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২০

দেশে একদিনে আক্রান্তের সংখ্যায় রেকর্ড, মৃত্যু বেড়ে ১৫৫


বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এদিকে ২৪ ঘন্টায় নতুন করে দেশে ৫৪৯ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও তিনজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। নতুন মারা যাওয়া তিনজনের বয়স ষাটোর্ধ্ব। তারা তিনজনই ঢাকার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করে ৫৪৯ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৪৬২ জনে।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলে বাড়ানো হয় সতর্কতা। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য মার্চেই ব্যবস্থা নেয় বাংলাদেশ সরকার। বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। পঞ্চম দফায় সেই ছুটি বাড়ানো হয়েছে আগামী ৫ মে পর্যন্ত।

মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারে তথ্যানুসারে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৬৪ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে। ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাস এখন পর্যন্ত ২ লাখ ১১ হাজার ৬০৩ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১