আপডেট : ২৮ April ২০২০
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে মঙ্গলবার সকাল থেকে ট্রলার ও ফেরিতে করে পদ্মা পাড়ি দিচ্ছেন ঢাকামুখী হাজারো গার্মেন্টস শ্রমিকরা। সকাল ১০ টার দিকে রো-রো ফেরী শাহ পরান ও ডাম্প ফেরি রামশিংয়ে চড়ে অন্তত তিন হাজার গার্মেন্টস কর্মী পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছান। এরপর শিমুলিয়াঘাট থেকে গার্মেন্টস কর্মীরা সিএনজি, অটোরিকশা কিংবা রিকশায় চড়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিচ্ছেন। আবার কেউ পায়ে হেটেও ছুটে চলেছেন ঢাকার কর্মস্থলের উদ্দেশ্যে। করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় ঢাকামুখী গার্মেন্টস কর্মীদের এমন ভোগান্তির চিত্র ফুটে উঠেছে। লৌহজং উপজেলার মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, সকালের দিকে কাঁঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে আসা পৃথক দু’টি ফেরীতে করে কয়েক হাজার যাত্রী শিমুলিয়াঘাটে আসেন। এদের বেশীরভাগই গার্মেন্টস কর্মী। রো-রো ফেরী শাহ পরান ও ডাম্প ফেরী রামশিং নামে দু’টি ফেরী সকাল ১০ টার দিকে শিমুলিয়াঘাটে এসে পৌছায়। ওই ফেরী দু’টিতে অন্তত তিন হাজার যাত্রী ছাড়া কোনো যানবাহন ছিল না। এদের বেশীরভাগই ঢাকার গার্মেন্টস কর্মী। শিমুলিয়াঘাটে আসার পর গণপরিবহন বন্ধ থাকায় অটোরিকশা, রিকশা বা সিএনজিতে করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আবার কেউ কেউ পায়ে হেটে রওনা দিচ্ছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ফেরির চেয়ে ট্রলারেই বেশী করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়াঘাটে আসছেন গার্মেন্টস কর্মীরা। কাঁঠালবাড়ি ঘাট থেকে আসছেন এ শ্রমিকরা। এরা ঢাকায় গার্মেন্টসের চাকরীতে যোগ দিতে ছুটে যাচ্ছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১