বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২০

চলে গেলেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক


জাতীয় অধ্যাপক ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সোমবার মধ্যরাতে ঘুমন্ত অবস্থাতেই মারা যান জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। সেহরী খাওয়ার জন্য ঘুম থেকে ডাকার পর না উঠলে তাকে স্কয়ার হাসপাতালে নেন স্বজনরা। স্কয়ার হাসপাতালের কর্মকর্তা মোর্শেদ আলম জানান, অধ্যাপক চৌধুরীকে ভোর সাড়ে ৪টায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং পর্যবেক্ষণে থাকাকালীন জরুরি বিভাগেই ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক জামিলুর রেজার নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ যোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদে হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। নিজ নিজ শোক বার্তায় তাঁর বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে সমবেদনা জানান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।

ড. জামিলুর ১৯৪২ সালে ১৫ই নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। সেন্ট গ্রেগরিজ স্কুল ও ঢাকা কলেজে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শেষে ভর্তি হন তৎকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে।

১৯৬৩ সালে প্রথম বিভাগে ইঞ্জিনিয়ারিং পাস শেষে পুরোকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ শেষে ২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজার কাজের স্বীকৃতি হিসেবে ২০১৭ একুশে পদক সম্মাননা লাভ করেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই শিক্ষানুরাগী। দেশ বিদেশে বিভিন্ন অবদানের জন্য সমাদৃত জামিলুর রেজা চৌধুরীর ৬৫ টি গবেষণা প্রবন্ধ রয়েছে।

২০১৮ সালে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেন। পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দ্বায়িত্ব পালন করেন তিনি। সবশেষ তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি হিসেবে দ্বায়িত্ব পালন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১