বাংলাদেশের খবর

আপডেট : ২৬ March ২০২০

সাতক্ষীরায় পুলিশের টাকায় অসহায়-দিনমজুরের বাড়িতে খাবার বিতরণ


সরকার করোনা মোকাবিলা করতে সর্বসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে। এমনকি পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন নজরদারি করছে ঘর থেকে কেউ বের হচ্ছেন কি-না। আর এতে বিপাকে পড়েছেন অসহায়, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। এমন দুর্যোগময় মুহূর্তে সাতক্ষীরার শ্যামনগর থানার পুলিশের বেতনের টাকায় নিজেদের উদ্যোগে অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন।

অসহায় দিনমজুর আব্দুল খালেক নামে এক ব্যক্তি জানান, শ্যামনগর থানার ওসি নাজমুল হুদার উদ্যোগে থানা পুলিশ সদস্যদের বেতনের টাকায় আমাদের মত অসহায়দের ঘরে পৌঁছে দেয়া হচ্ছে চাল-ডাল, তেল, পেঁয়াজ, রসুন ও স্যানিটাইজার। সেই সঙ্গে অনুরোধ করা হচ্ছে, কেউ বাসা থেকে বের হবেন না। নিরাপদ থাকতে ও অপরকে রাখতে এখন বাড়িতে থাকার বিকল্প নেই।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, করোনাভাইরাসের কারণে কেউ ঘর থেকে বের হতে পারছেন না। এতে অসহায় মানুষ বিপাকে পড়েছেন। অনেকের বাড়িতে খাবার নেই। তারা খাবে কি? মানুষের এমন অবস্থা দেখে সবাই মর্মাহত। কিন্তু বেঁচে থাকতে গেলে বাড়িতে থাকার কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, পরিস্থিতি বিবেচনা করে থানা পুলিশের স্টাফদের সঙ্গে আলোচনা করে নিজেদের বেতনের টাকায় প্যাকেজ আকারে কিছু খাদ্য অসহায়দের বাড়ি পৌঁছে দিচ্ছি। বুধবার সন্ধ্যায় ও বৃহস্পতিবার সকালে প্রায় এক দেড়’শ অসহায় গরিব মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেয়া হয়েছে। এই মুহূর্তে সমাজের সব বিত্তবান মানুষের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১