বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২০

স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে না গেলে আইন প্রয়োগ করবে পুলিশ : পুলিশ সুপার


বিদেশ ফেরত ব্যক্তিরা স্বেচ্ছায় কোয়ারান্টাইনে না গেলে আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে বাধ্য করা হবে বলে জানালেন নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (পিপিএম বার)।

নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

পুলিশ সুপার বলেন, করোনা এখন বৈশ্বিক সংক্রমণ। সরকারের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশের উদ্যোগে ১০ দিন আগেই জনগনকে সচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে। করোনা মনিটরিং কমিটির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

জেলা সিভিল সার্জন  ও জেলা পুলিশ এ ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করছে বলে জানান তিনি। এছাড়াও এসবির মাধ্যমে গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে এবং ইমিগ্রেশন থেকে বিদেশ ফেরতদের তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

জেলা পুলিশের নির্দেশে প্রতিটি থানায় মাইকিং ও লিফলেটের মাধ্যমে বিদেশ ফেরত অথবা তাদের সংস্পর্শে আসা প্রত্যেককে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টেশনে থাকার জন্য সচেতনতা মূলক প্রচারনা চালানো হয়েছে। তবে সচেতনতার বিকল্প নেই বলে নরসিংদীর মানুষের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সকলকে এই সংক্রমণ মোকাবেলায় সচেতন হওয়া এবং প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান পুলিশ সুপার।

তারপরও যদি কোন বিদেশ ফেরত ব্যক্তি তথ্য গোপন রাখে তবে সংক্রমণ ব্যাধি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে হু‍ঁশিয়ার করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১