বাংলাদেশের খবর

আপডেট : ২৭ February ২০২০

দোয়া চাইলেন বেজবাবা সুমন


ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে ঠিকঠাকভাবে আর সুস্থ হয়ে উঠতে পারছেন না ব্যান্ডদল অর্থহীনের প্রতিষ্ঠাতা গায়ক-বেজবাবা সুমন। সম্প্রতি তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এজন্য জরুরি অস্ত্রোপচার করতে হচ্ছে তাকে। সেখানেও ভয়! হ্যাঁ, অস্ত্রোপচার অসফল হলে পঙ্গুত্বের সম্ভাবনাও রয়েছে।

এ নিয়ে ২৪ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সুমন। সেখানে তিনি লেখেন, আমার শরীর ভালো নয়। আমি সারাদিন বিছানায় শুয়ে থাকি। আমার স্পাইনের অবস্থা খুব খারাপ। ১৯ তারিখে জার্মানি যাচ্ছি সার্জারির জন্য, যদিও ডাক্তাররা খুব একটা আশাবাদী নয়। সার্জারি অসফল হলে আমার সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখা যাক কী হয়। সবাই দোয়া করবেন।

ক্যানসার ও দুর্ঘটনার জন্য এরই মধ্যে সুমনের শরীরে ১৫টির বেশি অস্ত্রোপচার হয়েছে। তার মেরুদণ্ডের হাড়ভাঙা। এ কারণে দুটি ডিস্ক বসানো হয়েছিল। মেরুদণ্ডের জন্যই আবার অস্ত্রোপচারের দরকার হলো। গত বছরের সেপ্টেম্বরে জার্মানিতে গিয়ে মেরুদণ্ডের সর্বশেষ অপারেশন করিয়েছিলেন সুমন।

এদিকে সম্প্রতি ইউটিউবে এসেছে সুমনের নতুন গান ‘প্রথম’। মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’-এ গানটি ব্যবহূত হয়েছে। এটিই তার প্রথম প্লেব্যাক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১