আপডেট : ৩১ January ২০২০
শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশবাসীর কাছে কাদেরের জন্য দোয়া চেয়েছেন। তিনি জানান, তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার (কাদের) শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের সম্মানিত নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই। জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মুলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে আসার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে নেয়া হয়। এর আগে গত বছরের ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হয় ওবায়দুল কাদের। এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর স্টেন্টিংয়ের মাধ্যমে একটি অপসারণ করেন চিকিৎসকরা। তার অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয় কাদেরকে। এরপর ২০ মার্চ কার্ডিও থেরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। নিয়মিত সিঙ্গাপুর ফলোআপ চিকিৎসার চালিয়ে যাচ্ছেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১