আপডেট : ২০ January ২০২০
আলোচিত সংগীত তারকা রিহানা সব সময়ই সংবাদে থাকতে ভালোবাসেন। অভিনেত্রী ও প্রযোজক হিসেবেও সুখ্যাতি রয়েছে তার। তবে সংগীতশিল্পী হিসেবেই সর্বাধিক সফলতা পেয়েছেন এই শিল্পী। নিজের নগ্ন ছবি টুইটারে প্রকাশ করে কিংবা স্ক্যান্ডালে জড়িয়ে বহুবারই সংবাদে পরিণত হয়েছেন তিনি। তাকে এই সময়ের সবচেয়ে আলোচিত-সমালোচিত ও বিতর্কিত গায়িকা বললেও ভুল হবে না। এবার নতুন করে আলোচনায় এসেছেন রিহানা। পুরোনো প্রেমের পাট চুকালেন এই তারকা। গ্র্যামিজয়ী আমেরিকান সংগীতশিল্পী রিহানার সঙ্গে সৌদি ধনকুবের হাসান জামিলের আলোচিত প্রেমের পাট চুকল। আড়াই বছরের বেশি সময় ধরে তাদের এই প্রেম প্রথমে অপ্রকাশিত রাখলেও সত্য চাপা থাকেনি। গত বছর রিহানা নিজেই স্বীকার করেন সম্পর্কের গভীরতার কথা। বিয়ের ভাবনাও চলছিল। কিন্তু তার আগেই চুকে গেল সম্পর্ক। ইউএস উইকলি ম্যাগাজিনের খবর অনুযায়ী, ২০১৭ সালের জুন মাসে তাদের সম্পর্ক তৈরি হয়েছিল। যদিও সেসময় কয়েক মাস সম্পর্কে থাকার পরই সেটি ভেঙে গিয়েছিল। শুরুতে দুজনই নিজেদের সম্পর্কের কথা গোপন রেখেছিলেন। যদিও পরে ২০১৯ সালে একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দেওয়ার সময় রিহানা নিজে স্বীকার করেছিলেন তাদের প্রেমের কথা। তখন তিনি জানিয়েছিলেন, জামিলের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। যদিও বিয়ে নিয়ে তখনই কিছু ভাবতে রাজি ছিলেন না তারা। বিয়ে নিয়ে রিহানার মন্তব্য ছিল, ‘সব ঈশ্বর জানেন। আমরা পরিকল্পনা করলে ঈশ্বর হাসেন। ঠিক?’ এরপর আরেকটি সাক্ষাৎকারে রিহানা বলেছিলেন, জীবনে অন্য কিছু পাওয়ার থেকে মা হতে চান তিনি। অবশেষে হাসান জামিল থেকে বিচ্ছিন্ন হলেন রিহানা। ২০১৯ সালের একটি রিপোর্টে প্রকাশিত হয়েছিল, রিহানার সঙ্গে জামিলের সম্পর্ক বেশ শক্তিশালী। দুজনের বোঝাপড়াও ভালো। জামিল বেশ সিরিয়াস গোছের মানুষ এবং রিহানা হাসি-খুশি। গত বছর ফেব্রুয়ারিতে রিহানার জন্মদিনেও একসঙ্গে সময় কাটিয়েছিলেন তারা। তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে বলে খবর। কী কারণে তিন বছরের সম্পর্ক ভাঙল তা অবশ্য এখনো জানা যায়নি। সম্প্রতি বারবাডোজ সরকার তাকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দিয়েছেন। দ্বীপ রাষ্ট্রটিতে শিক্ষা, পর্যটন ও বিনিয়োগে উদ্বুদ্ধ করতে কাজ করবেন তিনি। বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমর মোটলি এক সাক্ষাৎকারে বলেছেন, এ দায়িত্বের জন্য রিহানাই সবচেয়ে বেশি উপযুক্ত। এ দেশের জন্য তার গভীর ভালোবাসা আছে। স্বেচ্ছাসেবামূলক কাজে এর প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। বার্বাডোজের জন্য যেভাবে তিনি কাজ করে চলেছেন তাতে আমরা তার দেশপ্রেমের প্রমাণ পেয়েছি। এদিকে দায়িত্ব পেয়ে রিহানা বলেছেন, নিজ দেশে এমন সম্মানজনক উপাধি পেয়ে আমি গর্বিত। এ দায়িত্ব গ্রহণের জন্য আমি প্রস্তুত এবং এ নিয়ে আবেগাপ্লুত। সব সময়ই রিহানাকে তার ভক্তরা আবেদনময়ী দেখতে পছন্দ করেন। আর তাই তো ভক্তদের জন্য এ গায়িকা নিয়মিতই নিজের নতুন আবেদনময়ী ছবি প্রকাশ করে থাকেন। নিজে ঘোষণা দিয়েই এমন কাণ্ড ঘটাচ্ছেন তিনি। তবে এ নিয়ে কোনো আফসোস নেই রিহানার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১