বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০২০

বলিউড মাতাচ্ছেন কৃতি


কৃতি শ্যানন, বলিউডের আলোচনায় বছর চারেক ধরে। গেল বছরের শেষের দিকে তার ‘হাউঁফুল ফোর’ বক্সঅফিস মাতিয়েছে। আয় করেছে আড়াইশ কোটি টাকার উপরে। তার আগে বলিউড বাদশা শাহরুখ খান ও বরুণ ধাওয়ানের সঙ্গে ‘দিলওয়ালে’-তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। সে ছবিটিও আয় করেছিল শতকোটি টাকার উপরে। তারপর একে একে উপহার দিয়েছেন দোসাই, রাবতা, বারেলে কি বারফি, স্ত্রী, লুকাছুপির মতো সুপারহিট সিনেমা। সর্বশেষ কৃতিকে দেখা গেছে ‘পানিপথ’ সিনেমায়। আশুতোষ গোয়াড়িকর পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন অর্জন কাপুর ও সঞ্জয় দত্ত।

নতুন বছরেও বড়পর্দায় ব্যস্ত থাকবেন এ তারকা। সদ্য শুরু হওয়া নতুন বছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। কৃতির হাতে রয়েছে বচ্চন পান্ডে, মিমি, ফার্জি এবং লুকাছুপি-২ এর মতো ছবি।

এ বছরের মাঝামাঝি সময় মুক্তি পেতে যাচ্ছে তার ‘মিমি’ ছবিটি। বর্তমানে নতুন এ ছবির শুটিং নিয়েই ব্যস্ত আছেন তিনি। জানা গেছে, ছবিতে চরিত্রের প্রয়োজনে শরীরের ওজন বাড়াতে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। তাও আবার ১৫ কেজি ওজন বাড়াতে হবে। ছবিটি পরিচালনা করছেন লক্ষণ উতেকর। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি ‘মালা আয় ভয়চয়’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করছেন পরিচালক।

কৃতি জানান, ছবিটি তার ভীষণ পছন্দের। এ জন্য সেরাটা দিতে চান কৃতি শ্যানন। ওজন বাড়ানো প্রসঙ্গে কৃতি বলেন, ‘ওজন বাড়ানো আমার কাছে চ্যালেঞ্জিং। আমাকে মেটাবলিজমের সঙ্গে লড়াই করতে হবে, ক্যালোরি বাড়াতে হবে। যেভাবেই হোক, ১৫ কেজি ওজন বাড়াতেই হবে।’

এরই মধ্যে সুপারস্টার সালমান খান ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। সিনেমাটিতে সালমানের বিপরীতে থাকছেন কৃতি শ্যানন। সব ঠিকঠাক থাকলে এ বছরের কোনো এক সময় প্রথমবারের মতো সালমান খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী। এ নিয়ে ফিল্মফেয়ার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় একটি নতুন জুটি চাইছেন নির্মাতারা। এ জন্য কৃতি শ্যাননকে নেওয়ার পরিকল্পনা করছেন তারা। পর্দায় প্রথমবারের মতো রোমান্স করবেন সালমান-কৃতি।

এ বিষয়ে সম্প্রতি ভারতীয় একটি পত্রিকায় কৃতি বলেন, ‘সালমান-শাহরুখের বিপরীতে কাজ করা সবসময়ই অন্যরকম। সবাই চায় ক্যারিয়ারে একবারের জন্য হলেও এদের সঙ্গে কাজ করতে। আমি ইতোমধ্যে শাহরুখের সঙ্গে কাজ নিয়েছি। এবার সালমানের পালা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আলোচনা এখনো প্রাথমিক পর্যায় আছে। তবে এখনো চুক্তিবদ্ধ হইনি। অবশ্য সালমানের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। এমন সুযোগ হাতছাড়া করতে চাই না।’

এদিকে জানা গেছে, কাভি ঈদ কাভি দিওয়ালি সিনেমাটির গল্প লিখেছেন ও প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। পরিচালনা করবেন ফারহাদ সামজি। ২০২১ সালের ঈদুল ফিতরে এই সিনেমা মুক্তি পাবে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট কৃতি শ্যাননকে ‘হিরোপাতি’ দিয়ে অভিষেক করিয়েছিল। এ ছাড়া নাদিয়াদওয়ালা ও ফরহাদ সামজির ‘বচ্চন পান্ডে’ ছবিতেও কাজ করছেন কৃতি। এ ছবিতে কৃতির নায়ক অক্ষয় কুমার। এটি মুক্তি পাবে চলতি বছরের ক্রিসমাস ডেতে। সব মিলিয়ে গত বছরের মতোই এবারো অন্য নায়িকাদের সঙ্গে পাল্লা দিয়ে বলিউড মাতাবেন কৃতি শ্যানন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১