বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০১৯

আবারো সাফা কবির


দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের মিউজিক ভিডিওতে সাফল্যটা শতভাগ। এখন পর্যন্ত তিনি চারটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। ইমরানের ‘এমন একটা তুমি চাই’ গানে প্রথম মডেল হয়েছিলেন। এরপর বাউল সম্রাট শাহ আবদুল করিমের ‘বসন্ত বাতাসে’, ইমরানের ‘আমার কাছে তুমি অন্যরকম’ এবং প্রীতমের ‘খোকা’ গানে মডেল হয়েছিলেন। প্রতিটি গানেই সাফার অনবদ্য উপস্থিতি এবং প্রাণবন্ত অভিনয় দর্শককে মুগ্ধ করে। মিউজিক ভিডিওতে মডেল হওয়ার ক্ষেত্রে একটু বেশিই সচেতন থাকার চেষ্টা করেন তিনি। সেই ধারাবাহিকতায় আবারো সাফা কবির নতুন একটি গানে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। অমিতাভ রেজার নির্দেশনায় সাব্বির হাসান নাসিরের ‘হর্ষ’ গানে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। গতকাল দিনব্যাপী গানটির দৃশ্যধারণে অংশ নেন সাফা কবির।

সাফা কবির বলেন, ‘এবারই প্রথম অমিতাভ ভাইয়ের নির্দেশনায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করলাম। গান অনুযায়ী গানটিতে গল্পের উপস্থাপনা আমার ভালো লেগেছে। সত্যি বলতে কি, মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার ব্যাপারে আমি সব সময়ই একটু বেশিই সচেতন থাকার চেষ্টা করি। যদিও গানটির গায়ক কোনো তারকা গায়ক নন, তারপরও গানটি আমার কাছে ভালো লেগেছে। শিল্পীর গায়কী, অমিতাভ ভাইয়ের নির্দেশনায় এবং সর্বোপরি পুরো টিমের আন্তরিকভাবে কাজ করা-সবমিলিয়ে মিউজিক ভিডিওটি বেশ ভালো হবে বলেই আমি বিশ্বাস করি।’

এদিকে সাফা কবির গত দুদিনে শেষ করেছেন রুবেল হাসানের পরিচালনায় ‘টেককেয়ার’ নাটকের কাজ। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটিতে তার বিপরীতে আছেন অপূর্ব। অপূর্বর সঙ্গে সর্বশেষ সাফা কবির ‘অবাক মেঘবাড়ি’ নাটকে অভিনয় করেছেন। ২০১৪ সাল থেকে অভিনয়কে পেশা হিসেবে নিয়েই কাজ করছেন সাফা কবির। এর মধ্যে সাফা কবির ইমরাউল রাফাত, জুয়েল, ওসমান মির্জা, নিপুণ, বাবলু, রাকেশ বসুসহ আরো অনেক নির্মাতার নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন।

সাফা কবির  বলেন, ‘অভিনয় এখন আমার পেশা তো অবশ্যই, অভিনয় আমার আবেগ অনুভূতিতে মিশে থাকা নিত্যদিনের অভ্যাস। চ্যালেঞ্জিং চরিত্রগুলোতেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি আমি।’ সাফা কবিরের প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও জয়া আহসান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১