বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০১৯

নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত জয়া


শুক্রবার বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। এই ছবির প্রচারে নির্মাতা শিবপ্রসাদ ও নন্দিতা রায়কে নিয়ে ঢাকায় বেশ কয়েকদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দেখা গেছে জয়াকে। বাংলাদেশ থেকে কলকাতা ফিরেই পুরোদমে শুরু করেছেন নতুন ছবির কাজ।

সোমবার থেকে শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় জয়া আহসানের ‘অর্ধাঙ্গিনী’ ছবির শুটিং। ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ ছবির পর তৃতীয়বারের মতো কৌশিক গাঙ্গুলির ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘অর্ধাঙ্গিনী’ হতে যাচ্ছে একজন পুরুষের জীবন ঘিরে দুই সাহসী নারীর গল্প। একজন প্রাক্তন স্ত্রী একজন বর্তমান। এর একটিতে অভিনয় করবেন জয়া আহসান এবং অন্য নারীর চরিত্রে অভিনয় করবেন কৌশিক গাঙ্গুলির স্ত্রী চূর্ণী গাঙ্গুলি। শোনা যাচ্ছিল স্বামীর চরিত্রে অভিনয় করতে পারেন কৌশিক গাঙ্গুলি নিজেই। কিন্তু জানা গেছে এই চরিত্রে থাকছেন কৌশিক সেন।

ছবির শুটিংয়ের জন্য শনিবার কলকাতা পৌঁছেছেন জয়া। এর আগে কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ ও ‘বিজয়া’য় অভিনয় করে তুমুল প্রশংসিত হয়েছেন জয়া আহসান। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিসর্জন’ ‘সেরা বাংলা চলচ্চিত্র’ বিভাগে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে। জয়া জানিয়েছেন নির্মাতার সঙ্গে আবার কাজ করতে পেরে তিনি খুবই খুশি।

ভারতের একের পর এক বাংলা ছবিতে অভিনয় করছেন জয়া আহসান। সেপ্টেম্বরে জয়া আহসান শুটিং করেছেন সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’ ছবির। ২৭ ডিসেম্বর মুক্তি পাবে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার।’ ছবিতে প্রথমবারের মতো প্রসেনজিতের সঙ্গে অভিনয় করছেন জয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১