আপডেট : ১০ October ২০১৯
ব্যাট হাতে মারকুটে এক ব্যাটসম্যান। মাঠে তিনি আলোচিত। আবার মাঠের বাইরেও মাঝে মধ্যে সমালোচিত। আর সেটা নেতিবাচক কর্মকাণ্ডের কারণে। কিছুদিন আগেই ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে। এই জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। জাতীয় বীরে পরিণত হওয়া স্টোকস এবার নেতিবাচক খবরের শিরোনামে। ইংলিশ অলরাউন্ডার নাকি মারধর করেছেন নিজের স্ত্রীকে। স্টোকস আর তার স্ত্রীর ছড়িয়ে পড়া এক ছবি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়ে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে গিয়েছিলেন স্টোকস। গত ২ অক্টোবর ওই অনুষ্ঠানের একটি ছবি ছড়িয়ে দেয় ব্রিটিশ-আইরিশ ওয়েবসাইট ‘গুইদো ফকস’। যেখানে দেখা যায়, ঠিক মার দেওয়ার ভঙ্গিতে স্ত্রীর গলা এক হাত দিয়ে চেপে ধরে আছেন স্টোকস। তার স্ত্রী ক্লারে স্টোকসও বাঁচার চেষ্টায় তার হাত দিয়ে স্বামীর হাত সরানোর চেষ্টা করছেন। ওই ছবিটি ছড়িয়ে পড়ার পরই গুঞ্জন ওঠে, বদরাগী স্টোকস এবার স্ত্রীর গায়েও হাত তুলেছেন। স্বভাবতই আরো একটি শাস্তির প্রসঙ্গ সামনে চলে আসে। তবে এমন এক ছবি নিয়ে উল্টো কথাই বললেন স্টোকসের স্ত্রী ক্লারে। যারা এই ছবি ছড়িয়ে দিয়েছে তাদের ওপর খেপেছেন স্টোকস পত্নী। বলেছেন, ননসেন্স। ক্লারের দাবি, এটা নিছকই মজা ছিল। মাঝে মধ্যে স্বামীর মুখে চেপে ধরে এমন মজা করেন তিনিও। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ছবি পোস্ট করে স্টোকস পত্নী লেখেন, ‘গর্দভ লোকেরা কী বানিয়েছে দেখে আসলেই বিশ্বাস হচ্ছে না। আমি আর বেন একজন আরেকজনের মুখে এমন করে চেপে ধরি অনেক সময়। এটা আমাদের ভালোবাসা। অথচ পাপারাজ্জিরা এটাকে মজার গল্প বানিয়ে ছাড়ল! এই ঘটনার ২০ মিনিট পর কিন্তু আমরা বেশ রোমান্টিকভাবেই ম্যাকডোনাল্ডসে খেতে গিয়েছিলাম।’ ২০১৮ সালে ব্রিস্টলে নাইট ক্লাবের সামনে মারামারির ঘটনা বেন স্টোকসের ক্রিকেট ক্যারিয়ারটাই শেষ করতে বসেছিল। ওই মামলার ঘানি টানতে টানতে জীবনটা রীতিমতো বিষাদময় হয়ে পড়েছিল ইংলিশ অলরাউন্ডারের। শেষ পর্যন্ত ওই ঝামেলা কেটেছে। ইংল্যান্ড দলে এখন অপরিহার্য সদস্য তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১