বাংলাদেশের খবর

আপডেট : ০৭ October ২০১৯

দীপঙ্কর দীপনের ছবিতে তাসকিন


পুলিশ ও হাইভোল্টেজ অ্যাকশন থ্রিলার ছবি ‘ঢাকা অ্যাটাক’ নির্মাণ করে আলোচিত হন দীপঙ্কর দীপন। ওই ছবিতে ‘জিসান’ চরিত্রের মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দেন তাসকিন রহমান। ঢাকাই ছবির নীল চোখের এই অভিনেতা জানালেন নতুন খবর। বললেন, ‘দীপনের নতুন দুটি ছবিতেই আমি থাকছি।’ 

তাসকিন বলেন, ‘দীপঙ্কর দীপনের নতুন দুই ছবি ‘ঢাকা ২০৪০’ এবং ‘অপারেশন সুন্দরবন’-এ কাজ করতে যাচ্ছি। মাসখানেক আগে ছবি দুটিতে চুক্তিবদ্ধ হয়েছি। পূজার আমেজ শেষ হলেই ‘ঢাকা ২০৪০’ শুটিং শুরু করব। এখানে চরিত্রে চমক থাকবে। আগে জানিয়ে চমক নষ্ট করতে চাই না। এতটুকু বলব, পুরোপুরি নতুনত্ব থাকবে।’

তবে ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং কবে শুরু হচ্ছে সে বিষয়ে এখনো ওই তারিখ চূড়ান্ত হয়নি বলে জানান তাসকিন।

‘যদি একদিন’ ছবির এই অভিনেতা বলেন, ‘দীপঙ্কর দীপন পরীক্ষিত নির্মাতা। তাকে বিশ্বাস করা যায়। ঢাকা অ্যাটাকের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তার ছবিতে যারা কাজ করেন, প্রত্যেকের চরিত্র নিয়ে তিনি রিসার্চ করেন। তিনি যখন কোনো চরিত্র নিয়ে ভাবেন, দেখতে চান কাকে ওই চরিত্রে মানায়।’

তাসকিন বলেন, ‘ঢাকা অ্যাটাকের পর আবার দীপন দাদাকে পেলাম। আশা করছি, দারুণ কিছু অপেক্ষা করছে।’

২০৪০ সালের ঢাকা কেমন হবে, এমন গল্প নিয়ে দীপঙ্কর দীপন বানাচ্ছেন তার দ্বিতীয় ছবি ‘ঢাকা ২০৪০’। নির্মাতা আগেই জানিয়েছেন, এটি পুরোপুরি সায়েন্স ফিকশন ছবি নয়, এটি হবে সামাজিক ছবি। ওই ছবিতে আরো অভিনয় করছেন বাপ্পী চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা এবং নুসরাত ফারিয়া। তাদের সঙ্গে এবার যোগ হলেন তাসকিন রহমান।

অন্যদিকে দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবির প্রেক্ষাপট, র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে। সেখানে উঠে আসবে সুন্দরবনে জলদস্যু দমনে ও বৈচিত্র্য রক্ষায় র‍্যাবের ভূমিকা। থাকবে উপকূলীয় মানুষের দিনযাপন। জুনে ছবিটির নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা দীপঙ্কর দীপন। তখন তিনি জানিয়েছিলেন, আগামী নভেম্বরে শুরু হবে ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১