আপডেট : ০৭ August ২০১৯
কুমিল্লায় যৌতুকের দাবিতে হাফসা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কলেজ শিক্ষক ও শ্বাশুড়ির বিরুদ্ধে। হাফসার পরিবাবের দাবি, তার স্বামী কলেজ শিক্ষক গোলাম মাওলা ফারুক বিয়ের পর থেকে যৌতুকের জন্য শারীরিক, মানষিকসহ নানাভাবে নির্যাতন করে আসছিলেন। কয়েকদিন আগে ফারুক ২০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকি দিয়েছিলেন। গোলাম মাওলা ফারুক ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ডিগ্রী কলেজের প্রভাষক। তিনি নগরীর রাণীর দিঘীর পাড় এলাকায় ভাড়া বাসায় থাকেন। হাফসা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বরতুলা মুন্সি বাড়ীর প্রবাসী ওয়ালিউল্লাহর মেয়ে। মঙ্গলবার কুমিল্লা নগরীর রানীর দিঘীরপাড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে স্বামী ফারুক হাফসার মরহেদ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায়। হাফসার ছোট ভাই নাজমুল হাসান জানায়, হাফসা আক্তার ও গোলাম মাওলা ফারুকের ৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ৩ বছর বয়সী একটি ছেলেও রয়েছে। দুপুরে তাদের কাছে খবর আসে হাফসা আক্তার গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এবং তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তারা হাসপাতালে পৌছে হাফসার নিথর দেহ দেখতে পান। এসময় হাফসার মরদেহ ভুল ঠিকানায় হাসপাতালে এন্ট্রি করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। হাফসার খালাতো ভাই সাফায়েত উল্লাহ জানান, তাদের পরিবারের কাছে ফারুক ২০ লাখ টাকা যৌতুক দাবি করে। এই টাকা দিয়ে সে ইতালি যাবে, আবার বলেছে ব্যবসা করবে। হাফসার স্বামী এবং শ্বাশুড়ি যৌতুকের জন্য তাকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছে। গত কয়েকদিন আগেও তারা মাথার চুল কেটে শারীরিকভাবে নির্যাতন করেছে। হাফসার মা অভিযোগ করে বলেন, তার মেয়েকে স্বামী ও স্বামীর বাড়ির লোকজন বিভিন্ন সময় যৌতুকের দাবিসহ নানা অভিযোগে মারধর করত। বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি ফারুক ও তার মাকে অভিযুক্ত করে কুমিল্লা কোতয়ালী থানায় মামলা করেছি। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত গোলাম মাওলা ফারুকের মোবাইলে একাধিকবার চেষ্টা করেও যোগযোগ করা যায়নি। কুমিল্লা কোতয়ালী থানার ওসি আনোয়ারুল হক জানান, প্রাথমিকভাবে দেখে গেছে তারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১