বাংলাদেশের খবর

আপডেট : ০৬ August ২০১৯

মালাইকার হাত ধরে বলিউডে আরহান


বলিউডের জনপ্রিয় তারকাদের সন্তানরা গুরুজনদের দেখানো পথেই হাঁটছেন। এরই মধ্যে সারা আলী খান, জাহ্নবী কাপুরের বলিউডে অভিষেক হয়েছে। অন্যদিকে আলিয়া, রণবীর কাপুর, বরুণ তো এখন দারুণ জনপ্রিয়। তারকা সন্তানদের দলে আরো একজন যুক্ত হতে যাচ্ছেন। যিনি মালাইকা অরোরা ও আরবাজ খানের  ছেলে আরহান খান। সুপারস্টার সালমান খানের ভাইয়ের ছেলে আরহান নাকি অভিনয়ের ব্যাপারে খুব আগ্রহী। আরহানের মা মালাইকা এক সাক্ষাৎকারে এ কথা জানান। মালাইকার ভাষ্য, আরহানের অভিনয়ের প্রতি আগ্রহ রয়েছে। এ ছাড়া সে সিনেমা দেখতে খুব পছন্দ করেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কবে বলিউডে দেখা যাবে তার ও আরবাজ খানের ছেলে আরহানকে। উত্তরে মালাইকা বলেন, ছেলে ফিল্মি পরিবারেই বড় হয়েছে। এমন একটি পরিবারে যেখানে প্রত্যেকে ছবির দুনিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই খুব স্বাভাবিকভাবেই ছবির দুনিয়ার প্রতি তার টান আছে। তবে ক্যারিয়ার হিসেবে বলিউডকেই আরহান বেছে নেবে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মালাইকা।

এরপরই উঠে আসে বহু চর্চিত সেই প্রশ্ন...কবে সাত পাকে বাঁধা পড়ছেন অর্জুন কাপুরের সঙ্গে। না, প্রশ্ন এড়িয়ে যাননি মালাইকা। বরং স্পষ্ট জবাবে বলেন, এখনোই বিয়ে করার কোনো চিন্তাভাবনা নেই তাদের। এই মুহূর্তে জীবনে এক শান্তিপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।

অন্যদিকে ছেলের অভিনয়ের ব্যাপারে আরবাজ বলেন, ‘আমাকে এখনো কিছু বলেনি সে, তবে চলচ্চিত্রে অভিনয়ের প্রতি ওর আগ্রহ রয়েছে। তবে কাজ আর আগ্রহের পার্থক্য আছে। তুমি যেই হও না কেন তোমাকে ব্যর্থতা সহ্য করতে হবে। সবকিছু সহজে পাওয়া যায় না। সালমানের সঙ্গে নিজেকে তুলনা করে কোনো লাভ নেই। আমি নিজেও অনেক কষ্টের পর আজকে একটা জায়গাতে আসতে পেরেছি। তাই ধৈর্য ধরতেই হবে।’ শোনা যাচ্ছে, সালমানের প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে আরহান বলিউডে অভিষেক করবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১