বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০১৯

গেম জিততে তরুণের আত্মহত্যা


ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে ব্লু হোয়েলের মতো একটি অনলাইন গেমের বিভিন্ন ধাপ শেষ করতে গিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ। খবর এনডিটিভির।  নিহত তরুণ পুনের লোনিখণ্ড এলাকার দিবাকর মালি (২০) বলে শনাক্ত করেছেন এক পুলিশ কর্মকর্তা। তিনি বাণিজ্যের শিক্ষার্থী ছিলেন।

ওই কর্মকর্তা জানান, গত বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করার আগে দিবাকর একটি চিরকুট রেখে যান। চিরকুটে লেখা ছিল, ‘খাঁচায় থাকা ‘ব্ল্যাক প্যান্থার’ এখন মুক্ত। আর কোনো বাধাই তাকে আটকাতে পারবে না। সমাপ্ত।’

দিবাকর নিজেকে ‘কালো চিতা’ হিসেবে উল্লেখ করেছেন বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা। অনলাইন খেলায় তার কাজ শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই বার্তা। মারাঠি ও ইংরেজি ভাষায় হাতে লেখা চিরকুটটিতে একটি কালো চিতাবাঘের ছবি আঁকা ছিল। ছবির নিচে লেখা, ‘সূর্য আবারো উজ্জ্বলতা ছড়াবে।’ লোনিখণ্ড পুলিশ স্টেশনের কর্মকর্তারা নিহত তরুণের পরিবার এবং প্রতিবেশীদের বরাতে জানান, ধাপে ধাপে প্ররোচিত করে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া ব্লু হোয়েলের মতো একটি অনলাইন সুইসাইড গেমে আসক্ত ছিলেন দিবাকর। গেমের কোনো ধাপ শেষ করতে গিয়েই তিনি গলায় দড়ি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দিবাকর মালির মা তার সন্তানের মুঠোফোন আসক্তির কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সব মা-বাবার কাছে আমার আবেদন, সন্তানদের অবাধে মুঠোফোন ব্যবহার করতে দেবেন না। আমি আমার ছেলে হারিয়েছি, আর কোনো মা-বাবার বুক যেন এভাবে খালি না হয়।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১