বাংলাদেশের খবর

আপডেট : ১২ July ২০১৯

‘গন্তব্যে’ আবুল হায়াত


জনপ্রিয় প্রবীণ অভিনেতা আবুল হায়াত। অভিনয় দক্ষতা দিয়ে তিনি দর্শকদের মনে স্থায়ীভাবে স্থান করে নিয়েছেন। প্রতিনিয়ত নতুন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করছেন তিনি।

সম্প্রতি অভিনয় করেছেন ‘গন্তব্য’ নামের একটি নাটকে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে এই প্রবীণ অভিনেতা বলেন, বহুদিন পর দারুণ একটা গল্প পেলাম, যেখানে অভিনয়ের সুযোগ ছিল।

নাটকের গল্প লিখেছেন জামাল হোসেন। তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। কাজের ফাঁকে অব্যাহত রেখেছেন সাহিত্য ও সংস্কৃতি চর্চা। ইতোমধ্যে তার তিনটি গল্পগ্রন্থ ও তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘গন্তব্য’ গল্পটি লেখকের ‘সুবর্ণ দ্বীপে’ গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত। গত স্বাধীনতা দিবসে তার গল্প অবলম্বনে নির্মিত ‘শিকার’ নাটকটিও বেশ জনপ্রিয়তা পায়।

‘গন্তব্য’ গল্পটির নাট্যরূপ দিয়েছেন ইয়ামিন ইলান। নাটকের গল্প নিয়ে জামাল হোসেন বলেন, গল্পটি সমসাময়িক জীবনেরই প্রতিফলন। ক্ষমতা, প্রতিপত্তি এসব থাকার পরেও নিয়তি মানুষকে চরম একাকিত্বে ঠেলে দিতে পারে। মানুষটি হয়ে যেতে পারে অসহায়। অবশেষে সেই মানুষটির ঠিকানা হয় এমন এক গন্তব্যে, যা সে তার সুদিনে কল্পনাও করতে পারেনি। নাটকের কেন্দ্রীয় চরিত্রে চাহিদা অনুযায়ী দেশের স্বনামধন্য এবং বিজ্ঞ অভিনেতা আবুল হায়াতের নির্বাচন ছিল যথাযথ। নির্মাতা ইয়ামিন ইলান তার সবটুকু দিয়ে চিত্রনাট্য রচনা এবং নাটক নির্মাণ করেছেন।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার, নাদিয়া, ইমতু রাতিশ, তিতান চৌধুরী, রাহুল, লিমন, আফিফ খানসহ আরো অনেকে। নাটকটি প্রচারিত হবে আজ রাত ১১টা ১৫ মিনিটে এনটিভির পর্দায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১