আপডেট : ০৩ July ২০১৯
যশোরের কিশোর ভ্যানচালক শাহীন মোড়লের (১৬) শরীরের ডান পাশের অঙ্গগুলো তাকে ভোগাবে, অনুভূতিহীন থাকবে দীর্ঘদিন। ঠিকমতো পরিচর্যা পেলে অবশ্য এ অবস্থা ধীরে ধীরে কাটিয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক অসিত চন্দ্র সরকার গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এসব কথা বলেন। কিশোর শাহীনের চিকিৎসায় আট সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান এ চিকিৎসক বলেন, ‘শাহীনের মাথার বাম পাশে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে। খুলির এ অংশের হাড় ভেঙে ভেতরে ঢুকে গিয়ে মস্তিষ্কের বাঁ পাশে আঘাত করেছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা যেটিকে বলছি ডিপ্রেসড ফ্র্যাকচার। এ জন্য শাহীন যদি পুরোপুরি সুস্থও হয়, তারপরও দীর্ঘদিন ধরে শরীরের ডান পাশের অঙ্গগুলো দুর্বল ও অনুভূতিহীন থাকবে।’ শাহীনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এই চিকিৎসক বলেন, সোমবার পর্যন্ত শাহীন বেশ ভালো ছিল। তবে মঙ্গলবার সকাল থেকে জ্বর আসে। তিনি বলেন, এটিই ভয়ের বিষয়। কারণ, এই অবস্থায় জ্বর হওয়া মানেই শরীরের কোথাও না কোথাও ইনফেকশন হওয়া। এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শাহীনের পরিবার। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহীনের মা খাদিজা বেগম বলেন, ‘আমার ছেলের কোনো দোষ ছিল না। যারা মেরেছে তাদের একজন আমাদের গ্রামের। সে আমাদের অভাব আর শাহীনের কষ্ট করে টাকা আয়ের কথা জানত। তারপরও নিষ্ঠুরের মতো ছেলেটাকে মেরে এই অবস্থা করেছে। আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।’ অন্যদিকে শাহীনের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা পুলিশ। তারা হলেন, যশোরের কেশবপুর উপজেলার বাজিতপুর গ্রামের নাইমুল ইসলাম (২৪), সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের আরশাদ পাড় (৬৫) ও সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের বাকের আলী (৪৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানায়, এই তিনজন শাহীনের ভ্যান ছিনতাইয়ের জন্য পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নেন। ছিনতাইয়ের সময় শাহীন বাধা দিলে তাকে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যান তারা। প্রসঙ্গত, গত ১৩ জুন সাতক্ষীরায় দুর্বৃত্তরা শাহীনের ভ্যান ছিনতাইয়ের সময় তার মাথায় আঘাত করে ফেলে রেখে যায়। শাহীনের বাড়ি যশোরের কেশবপুরের। গোলাঘাটা দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী সে। পরিবারের আর্থিক সংকটের কারণে নিজের ও ছোট দুই বোনের পড়াশোনার খরচ জোগাড় করতে ভ্যান চালাত সে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১