বাংলাদেশের খবর

আপডেট : ১৭ June ২০১৯

ফের কলকাতার ছবিতে আইরিন


গেল মাসেই চিত্রনায়িকা আইরিন শেষ করেছেন কলকাতার ছবি ‘শুভরাত্রি’র কাজ। সেটা মুক্তির আগেই তিনি আবারো কলকাতার নতুন আরেকটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। নাম ‘কাউন্ট ডাউন’। তবে এবারের ছবিটি অফট্র্যাকের বলে জানান আইরিন। ‘শুভরাত্রি’ নির্মাণ করেছেন রাজা দীপ্ত বন্দ্যোপাধ্যায়। এতে তার বিপরীতে আছেন সুমন চ্যাটার্জি এবং রাজা দীপ্ত। ছবিটি কবে মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত হয়নি।

আইরিন জানান, ভারতের নির্বাচনের পর এবং ঈদুল ফিতরের পরপরই শুরু হওয়ার কথা ছিল তার নতুন সিনেমা ‘কাউন্ট ডাউনে’র কাজ। তবে পরিচালক পার্থ সারথী চ্যাটার্জি আরো ক’টা দিন সময় নিয়েছেন কাজ শুরু করতে। এ ছবিতে আইরিন অভিনয় করবেন মৌলি নামের একজন সাংবাদিকের চরিত্রে। যিনি কি না সমাজের নির্যাতিত নারীদের নিয়ে নানান ধরনের প্রতিবেদন তৈরি করে তা প্রকাশ করেন।

আইরিন বলেন, ‘মৌলি চরিত্রটি আমার কাছে দারুণ লেগেছে। সাংবাদিকতা পেশার প্রতি আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। যে কারণে এ ধরনের চরিত্রের প্রতিও রয়েছে দুর্বলতা। তাই চরিত্রটিতে কাজ করা নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশ্বাস, নিশ্চয়ই খুব ভালো হবে কাজটি।’

আইরিন জানান, যেহেতু ‘কাউন্ট ডাউন’ অফট্র্যাকের সিনেমা, তাই এতে তার বিপরীতে কোনো নায়ক নেই। এ ছবির গল্পই হচ্ছে প্রধান বিষয়। আইরিন তার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমি আমার নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট। সিনেমায় অভিনয়ের পাশাপাশি ভালো ভালো গল্পের ওয়েব সিরিজেও কাজ করছি।’

এরই মধ্যে আইরিন শেষ করেছেন অনন্য মামুনের নির্দেশনায় ‘ধোঁকা’ ওয়েব সিরিজের কাজ। এতে তার বিপরীতে আছেন এবিএম সুমন। আইরিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মায়াবিনী’। এটি নির্মাণ করেছিলেন আকাশ আচার্য। এতে তার বিপরীতে ছিলেন সাইমন সাদিক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১