আপডেট : ২৩ May ২০১৯
নেত্রকোনার মোহনগঞ্জ থেকে শেরপুরের নালিতাবাড়ি পর্যন্ত ভোগাই-কংশ নদীর ১৫৫ কিলোমিটার নদী খনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া এলাকায় কংশ নদীতে এই খনন কাজ উদ্বোধন করেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, নাব্যতার সঙ্কটের কারণে ধীরে ধীরে ঐতিহ্যবাহী নৌ-পথগুলো হারিয়ে যাচ্ছে। নৌ-পথের নাব্যতা ফিরিয়ে এনে দেশের আবহমান ঐতিহ্য পুনঃরুদ্ধারসহ আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ খনন কাজ শুরু হয়েছে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক, সংসদ সদস্য মানু মজুমদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী প্রমূখ। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান জানান, ভোগাই-কংশ নদীর এই নৌপথে এক কোটি ঘনমিটার মাটি খনন করবে বিআইডব্লিউটিএ। এজন্য ব্যয় হবে ১৩৪ কোটি ৬৪ লাখ টাকা। বসুন্ধরা ইনফ্রাস্টাকচার ডেভলাপমেন্ট লিমিটেড, সোনালী ড্রেজার লিমিটেড, বিডিএল-এসআরডিসি, এস এস রহমান-মাতৃবাংলা এবং নবারুন ট্রেডার্স লিমিটেড এই পাচটি কোম্পানী এ খনন কাজ করবে। নেক্রকোনার মোহনগঞ্জ, বারহাট্টা, পূর্বধলা, ময়মনসিংহের ফুলপুর ও শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় ভোগাই ও কংশ নদীতে চলবে এ খনন। প্রস্থে ৮০ থেকে ১০০ ফুট এবং গভীরতায় ৮ ফুট খনন করা হবে। খনন কাজ এ মাস থেকে শুরু হয়ে ২০২১ সালের জুন পর্যন্ত চলবে। তিনি জানান, বিআইডব্লিউটিএ ‘অভ্যন্তরীণ নৌ-পথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়: ২৪টি নৌ-পথ)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে নদীতে ৮ ফুট গভীরতা রাখার জন্য ওই খনন প্রক্রিয়া গ্রহণ করেছে। এ নৌ-পথটি খনন করা হলে অত্রাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। আর কৃষি কাজ ও মৎস্য খাতে আসবে ব্যাপক উন্নতি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১