বাংলাদেশের খবর

আপডেট : ২৩ May ২০১৯

১০ হাজার কিলোমিটার নৌপথ খনন করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী


নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপথের নাব্যতা ফিরিয়ে আনতে ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার নেত্রকোনা জেলার পূবর্ধলার জারিয়া এবং দুর্গাপুরের ঝাঞ্জাইলে ভোগাই-কংশ নদীর খনন কাজ উদ্বোধনকালে তিনি একথা জানান।

এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসন বেলাল বীর প্রতীক, সংসদ সদস্য মানু মজুমদার, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম উপস্থিত ছিলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, ভোগাই-কংশ নদীর নেত্রকোনার মোহনগঞ্জ হতে শেরপুরের নালিতাবাড়ি পর্যন্ত নৌপথ খননের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

প্রতিমন্ত্রী বলেন, দেশের পরিবহন সেক্টরে নৌপরিবহন ব্যবস্থা একটি সাশ্রয়ী, আরামদায়ক ও পরিবেশ বান্ধব যোগাযোগ মাধ্যম।

তিনি বলেন,নাব্যতা সংকটের কারণে ধীরে ধীরে ঐতিহ্যবাহী নৌপথগুলো হারিয়ে যাচ্ছে। নৌপথের নাব্যতা ফিরিয়ে এনে দেশের আবহমান ঐতিহ্য পুনঃরুদ্ধারসহ আর্থ সামাজিক উন্নয়ন ঘটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নৌপথ খননের পরিকল্পনা গ্রহণ করেছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদীভিত্তিক নৌপথ সমৃদ্ধ হচ্ছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

মোহনগঞ্জ হতে নালিতাবাড়ি পর্যন্ত ১৫৫ কিলোমিটার নৌপথে এক কোটি ঘনমিটার মাটি খনন করা হবে। এজন্য ব্যয় হবে ১৩৪ কোটি ৬৪ লাখ টাকা। এই খনন কাজ চলতি মাস থেকে শুরু হয়ে ২০২১ এর জুন পর্যন্ত চলবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১