বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০১৯

বন্যার তিন কবির গান


কবি দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ ও রজনীকান্ত সেনের গান নিয়ে প্রকাশ পেল রেজওয়ানা চৌধুরী বন্যার ‘তিন কবির গান’ শিরোনামের একটি অডিও সিডি। সিডিটি প্রকাশ উপলক্ষে গতকাল রোববার চ্যানেল আইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিটিভির সাবেক ডিজি সৈয়দ সালাহউদ্দিন জাকী, সুরের ধারার অধ্যক্ষ শফি আহমেদ, সঙ্গীতশিল্পী সাদী মহম্মদ ও রেজওয়ানা চৌধুরী বন্যা।

এ সময় উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, ব্যান্ড সঙ্গীতশিল্পী ফুয়াদ নাসের বাবু এবং গীতিকার কবির বকুল। সিডিটি প্রকাশের সঙ্গীত আয়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। কলকাতার ভাইব্রেশন স্টুডি থেকে রেকর্ডকৃত এর শব্দগ্রহণ করেছেন গৌতম ঘোষ। প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। গানগুলোর মধ্যে রয়েছে- আজি নূতনও রতনে ভূষনে যতনে, ডাকে কোয়েলা বারে বারে, আমি সকল কাজের পাই হে সময়, কে তুমি বসি নদীকূলে একলা, চাহি অতৃপ্ত নয়নে তোর মুখপানে, মিনতি করি তব পায়, ‘ওরে বন, তোর বিজনে’, মলয় আসিয়া কয়ে গেছে কানে, ওগো আমার নবীন সাথী এবং তুমি আমার অন্তস্তলের খবর জান।

একই অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে সুরের ধারার শিক্ষার্থী আঁখি হালদারের প্রথম সিডি ‘তোমা পানে চাহি’। সিডিটি প্রকাশের সব আয়োজন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আঁখি সম্পর্কে তিনি বলেন, আঁখি হালদার সুরের ধারা প্রাক্তনী। সেই কোন ছোটবেলায় এখানে গান শিখতে এসেছিল, তারপর চলে গেছে অনেকদিন। আজ তার নিজের সিডি প্রকাশিত হয়েছে। এটি আমার জন্য অতি আনন্দের সংবাদ। আঁখি সুরের ধারা পরিবারের সঙ্গে প্রথম থেকেই খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। আঁখির কণ্ঠটি সুরেলা ও মিষ্টি। কোমলতায় ভরা। গান যেমন তার আবেগ-ভালোবাসা, তেমনি তার শক্তিও। গানের সঙ্গে তার এই নিবিড় সম্পর্কটি শ্রোতাদেরও স্পর্শ করে যায়।

ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে- তোমারি মধুর রূপে, আমি কান পেতে রই, নিশি দিন মোর পরানে, আমারে তুমি অশেষ করেছ, আমি কেবলই স্বপন করেছি বপন, যখন এসেছিলে অন্ধকারে, বঁধু, কোন আলো লাগল চোখে, তুমি কোন কাননের ফুল, গহনকুসুমকুঞ্জ-মাঝে এবং তোমার অসীমে প্রাণমন লয়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১