বাংলাদেশের খবর

আপডেট : ০৪ May ২০১৯

'বঙ্গবন্ধু স্যাটেলাইটের তথ্যের কারণে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে'

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সংগৃহীত ছবি


বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া আগাম তথ্যের কারণে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আজ শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’ নিয়ে দলীয় মনিটরিং সেলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ বিষয়ে তিনি এ কথা জানান।

হানিফ বলেন, “বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ঘূর্ণিঝড়ের আগাম খবর আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তরের সংগ্রহ করেছিলো। আগাম তথ্য পেয়েছিলাম বিধায় সরকার ও দলীয়ভাবে ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছিলাম। যার ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে।”

ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্তদের সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে হানিফ বলেন, “আমরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য উপাত্ত নিচ্ছি। ঘূর্ণিঝড় শেষ হলে ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের টিম যাবে এবং সরকার ও দলের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করা হবে।”

হানিফ জানান, গতকাল (শুক্রবার) থেকে এখন (শনিবার দুপুর) পর্যন্ত মনিটরিং সেলে ১০০টি কল এসেছে। তারা তাদের এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা মনে করেছেন, সরকার এবং আওয়ামী লীগ তাদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। তাই মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১