বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০১৯

চবিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ

পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলাকালীন তোলা ছবি ছবি: বাংলাদেশের খবর


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। ছাত্রলীগ কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে। এসময় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টা ৪৫ থেকে ১২টা৪৫ পর্যন্ত এ সংঘর্ষ হয়।

পুলিশের সঙ্গে ছাত্রলীগের একাংশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ছাত্রলীগের নেতাকর্মীদের আবাসিক হলের সামনে কাঠের গুড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়ে তারা।

এর আগে সকাল ৭টা থেকে অস্ত্র মামলায় গ্রেফতার ছাত্রলীগের ৬ কর্মীর নিঃশর্ত মুক্তিসহ ৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে প্রধান ফটক বন্ধ করে রাখে ছাত্রলীগের কর্মীরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অবরোধের শুরুতেই শাটল ট্রেন আটকে দেওয়া হয়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে শাটল ট্রেনের কয়েকটি বগির হোস পাইপ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে ব্যারিকেড সরিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ে ভেতরে সব দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে।

চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বলেন, অস্ত্র মামলায় আটক ছাত্রলীগ কর্মীদের মুক্তি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরীর পদত্যাগ সহ ৪ দফা দাবিতে আন্দোলন চলছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্রলীগের অবরোধে সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

চবি ছাত্রলীগের ৪ দফা দাবিগুলো হল : বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরীকে পদত্যাগ করতে হবে; হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে; গত ৩ এপ্রিল অস্ত্র মামলায় আটক চবি ছাত্রলীগের ৬ কর্মীকে মুক্তি দিতে হবে এবং ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১