বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০১৯

পাসপোর্ট ভেরিফিকেশন

ঘুষ চাওয়ায় এএসআইয়ের দুই বছরের কারাদণ্ড

ঘুষ চাওয়ায় এএসআইয়ের দুই বছরের কারাদণ্ড প্রতীকী ছবি


পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বিচারপতির বাসায় গিয়ে ঘুষ চাওয়ায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদেকুল ইসলামকে (সাময়িক বরখাস্ত) দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন। এ সময় সাদেকুল আদালতে উপস্থিত ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানার চড়োল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বিচারক আসামিকে দণ্ডবিধির ৪১৯ ধারায় ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দুদক আইনের ৫(২) ধারায় ১ বছর বিনাশ্রমে কারাদণ্ড দেন। উভয় দণ্ড পৃথকভাবে চলবে বলে আদেশে উল্লেখ করা হয়। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী ফজলুল হক বাবু। রাষ্ট্রপক্ষে ছিলেন এমএ সালাউদ্দিন ইস্কান্দার।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৩ আগস্ট বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই মেয়ের পাসপোর্ট ভেরিফিকশনের জন্য তার বাসায় যান এসআই সাদেক। তিনি বিচারপতির স্ত্রী ডাক্তার সাবরিনা মোনাজিলিনের কাছে দুই হাজার টাকা ঘুষ দাবি করেন। ডাক্তার সাবরিনা তাকে চা-নাশতা করার জন্য বকশিশ দিতে চাইলে তা না নিয়ে দুই হাজার টাকা চান তিনি। ওই ঘটনায় একই বছরের ৩১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত জেলা জজ হোসনে আরা শাহবাগ থানায় বাদী হয়ে মামলা করেন। ২০১৭ সালের ৪ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক রাহিলা খাতুন অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় চারজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১