বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০১৯

বিএসএমএমইউতে ‘যেতে চান না’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংগৃহীত ছবি


চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যেতে চান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

পুরানো কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সাংবাদিকদের জানান, খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তির সকল প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হলেও তিনি সেখানে যেতে রাজি হননি।

পরে রবিবার দুপুর ১টার দিকে বিএসএমএমইউ’র কেবিন ব্লকের নিচতলায় সাংবাদিকদের ব্রিফিংকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল-হারুন জানান, খালেদা জিয়াকে এখানে (বিএসএমএমইউ) আনার কথা ছিল, কিন্তু তিনি আজ আসছেন না। তিনি এলে, তাকে যেকোনো সময় চিকিৎসা দেয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, এর আগে খালেদা জিয়াকে আজ এখানে আনার কথা জানিয়েছিল কারা কর্তৃপক্ষ। কিন্তু পরে তারা জানিয়েছে খালেদাকে আজ এখানে আনা হবে না।

মেডিকেল বোর্ড সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা প্রদানের জন্য প্রস্তুত জানিয়ে বিএসএমএমইউ পরিচালক বলেন, কেবিন ব্লকে তার জন্য কেবিন প্রস্তুত করে রাখা হয়েছে। তিনি আসলে তাকে চিকিৎসা প্রদান করা হবে।

খালেদা জিয়া অন্য যেকোনো দিন চিকিৎসার জন্য তাদের হাসপাতালে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আবদুল্লাহ আল-হারুন বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সরকার গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা চিকিৎসার জন্য কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং তার স্বাস্থ্য চেকআপের পরামর্শ দেন।

গত ৪ মার্চ খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানাতে ও তার উন্নত চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে দেখা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি আমলায় দোষী সাব্যস্ত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১