আপডেট : ২৪ January ২০১৯
ওপার বাংলার নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলায় পরিচিত অভিনেত্রী জয়া আহসান। অতনু ঘোষের রচনা ও পরিচালনায় ‘বিনি সুতোয়’ শিরোনামের ছবিতে দেখা যাবে তাকে। এতে জয়ার বিপরীতে আছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। জানা গেছে, এ ছবির মাধ্যমে প্রায় ১০ মাস পর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হলেন জয়া আহসান। পরিচালক অতনু ঘোষের পূর্বের কাজ, নতুন ছবির গল্প ও চরিত্রের প্রতি ভীষণ আকর্ষণ থেকেই এ ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছবিতে জয়া অভিনয় করবেন শ্রাবণী বড়ুয়া চরিত্রে, আর তার বিপরীতে ঋত্বিককে দেখা যাবে কাজল সরকারের ভূমিকায়। গল্পে দেখা যাবে, এক রিয়েলিটি শোতে কাকতালীয়ভাবে দেখা হয় দুজনের। অডিশন শেষ হওয়ার পর একটা জায়গা পেরিয়ে বাসে উঠতে গিয়ে শ্রাবণী পড়ে যান। তার এই অবস্থা দেখে ছুটে আসেন কাজল (ঋত্বিক)। এভাবে দুজনের মধ্যে একটি যোগসূত্র তৈরি হয়। বাইরে থেকে তারা একে অপরকে যেভাবে দেখছেন, আতশকাচের নিচে কি সেটা রাতারাতি পাল্টে যাবে? সে উত্তরই ছবি জুড়ে দর্শক খুঁজে নেবেন। নতুন এ ছবিটি প্রসঙ্গে পরিচালক অতনু বলেন, ‘ভারতে এই মুহূর্তের সবচেয়ে সংবেদনশীল, প্রতিভাবান দুই অভিনেতা-অভিনেত্রী হলেন জয়া ও ঋত্বিক। দুজনকে এক ফ্রেমে দেখার ইচ্ছে আমার দীর্ঘদিনের। এবার সে ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। ১ ফেব্রুয়ারি থেকে কলকাতা এবং টাকিতে এ ছবির শুটিং শুরু হচ্ছে। তবে জয়া আহসানের ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হলো, দেবজ্যোতি মিশ্রর সঙ্গীত পরিচালনায় এ ছবির সব গানে জয়া নিজেই প্লেব্যাক করবেন। সবকিছু ঠিক থাকলে এ বছরই মুক্তি পাবে ছবিটি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১