বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০১৯

এক দশক পর একই ফ্রেমে

জাহিদ হাসান, ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম সংগৃহীত ছবি


‘আমার আছে জল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন জাহিদ হাসান, ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম। এরপর আর তাদের একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। এমনকি কোনো অনুষ্ঠানেও এক ফ্রেমে ছবি তোলার সুযোগ হয়নি তাদের। গেল ১২ জানুয়ারি বিদ্যা সিনহা মিমের আমন্ত্রণে তার নতুন বাসায় উপস্থিত হয়েছিলেন জাহিদ হাসান ও ফেরদৌস। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ তিন তারকা এ সময় গল্প, আড্ডার এক ফাঁকে ‘আমার আছে জল’ সিনেমার সময়কালের স্মৃতিচারণ করেন।

জাহিদ হাসান বলেন, ‘দেখতে দেখতে দশ বছর পেরিয়ে গেছে, ভাবাই যায় না। এই মিম, সেই মিম-ভাবলেই অবাক হই। অভিনয়ে মিম নিজেকে আগের চেয়ে আরো বেশ পরিণত করেছে। তার জন্য সবসময়ই আমার শুভ কামনা।’

স্মৃতিচারণ করে ফেরদৌস বলেন, ‘মিম আমাদের সিনেমার একজন যোগ্য অভিনয়শিল্পী। তাকে যথাযথভাবে আরো কাজে লাগানো গেলে আমার মনে হয় তার অবস্থান আরো দৃঢ় হতে পারত। কারণ মিমের সেই যোগ্যতা আছে। তাই আমি চাই মিমকে যেন আরো ভালো ভালো গল্পের সিনেমায় কাজে লাগানো হয়। এখনই সময় মিমকে কাজে লাগানোর। কারণ দেশ-বিদেশে মিমের অনেক ভক্ত-দর্শক আছে।’

বিদ্যা সিনহা মিম বলেন, ‘জাহিদ ভাই, ফেরদৌস ভাই শুরু থেকেই আমাকে ভীষণ স্নেহ করেন। তারা দুজনই আমার অভিনয় জীবনের প্রথম অনুপ্রেরণা, সহশিল্পী। তাই তাদের প্রতি সবসময়ই আমার অন্যরকম শ্রদ্ধা, ভালোবাসা কাজ করে।

হুমায়ূন স্যার এবং জাহিদ ভাই, ফেরদৌস ভাইয়ের আশীর্বাদ নিয়েই কিন্তু আমি আগামীর পথে এগিয়ে গেছি। আমার আছে জল-এর সময়টা এরই মধ্যে এক দশক পেরিয়ে গেছে, ভাবলে আমিও অবাক হই। আমি সবসময়ই কৃতজ্ঞ জাহিদ ভাই ও ফেরদৌস ভাইয়ের কাছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১