বাংলাদেশের খবর

আপডেট : ২৩ December ২০১৮

আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসি

সংখ্যালঘুদের প্রতি বিশেষ নজর দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা সংরক্ষিত ছবি


সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। একই সঙ্গে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের প্রতি বিশেষ নজর দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল শনিবার বিকালে ময়মনসিংহ শহরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি নূরুল হুদা এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়ে সিইসি বলেন, ভোটে সহিংসতা করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে ২৫ ডিসেম্বর থেকে নির্বাচনী তদন্ত কমিটি থাকবে।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ও পেশাদারিত্বের ভিত্তিতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষতা বজায় রেখে যতটুকু করা দরকার ততটুকু করতে হবে। ভোটারদের আস্থার জায়গায় আপনাদের থাকতে হবে তারা যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে। বিশেষ করে সংখ্যালঘুদের আলাদাভাবে নজর দিতে হবে তাদের মধ্যে যেন কোনো শঙ্কা না থাকে।

সারা দেশে এখন নির্বাচনী আবহ বিরাজ করছে উল্লেখ করে কেএম নুরুল হুদা বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ আসার পথে রাস্তার দুপাশে মানুষের যে স্বতঃস্ফূর্ত অবস্থান দেখেছি, তাতে আমরা সন্তুষ্ট। সাধারণ মানুষ অত্যন্ত ভালো ও সুন্দর পরিবেশের মাঝে অবস্থান করছেন।

এবারের নির্বাচনকে ঘিরে এবারই প্রথম পোলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান সিইসি।

প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে-এমন আশার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে ঘিরে দেশে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালন করারও তাগিদ দেন তিনি।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ঘাটাইল এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১