বাংলাদেশের খবর

আপডেট : ০২ December ২০১৮

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা


যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় শহর অ্যাঙ্কারিজ থেকে ১২ কিলোমিটার উত্তরে। স্থানীয় সময় গত শুক্রবার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি। আল জাজিরা ও বিবিসির খবর।

ভূমিকম্প আঘাত হানার পর বেশ কয়েকবার পরাঘাত অনুভূত হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৪০ দশমিক ৯ কিলোমিটার। আলাস্কা ভূমিকম্প কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা ৪০ বারের মতো পরাঘাত হওয়ার তালিকা করেছেন। এর মধ্যে ১০টি চার মাত্রার বেশি এবং তিনটি পাঁচ মাত্রার বেশি ছিল। কুক ইনলেট এবং দক্ষিণাঞ্চলীয় কেনাই উপদ্বীপে প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। 

অ্যাঙ্কারিজ শহরে প্রায় তিন লাখ মানুষের বাস। শহরটির আশপাশে আরো ১ লাখ মানুষ বসবাস করেন। আলাস্কার গভর্নর বিল ওয়াকার দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন। বিবিসি জানিয়েছে, সেখানকার প্রায় ১০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কয়েকটি ভবন, সেতু ও রাস্তা ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে। পুলিশ ও দমকল বাহিনী আলাস্কার সেনা ও ন্যাশনাল গার্ডের সঙ্গে উদ্ধার তৎপরতা সমন্বয় করছে বলে জানিয়েছে পুলিশপ্রধান জাস্টিন ডল।

যুক্তরাষ্ট্রের মধ্যে আলাস্কা একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। প্রতিবছর সেখানে গড়ে ৪০ হাজার ভূমিকম্প হয়। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের বাকি ৪৯ অঙ্গরাজ্যে যত ভূমিকম্প হয় সেই সংখ্যার চেয়ে বেশি। এর আগে ১৯৬৪ সালের ২৭ মার্চ আলাস্কায় ৯.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। এই ভূমিকম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী। ৪ মিনিটের বেশি সময় স্থায়ী ওই ভূমিকম্পের পর সুনামি হয়। এতে ১৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১