বাংলাদেশের খবর

আপডেট : ০২ September ২০১৮

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে বাংলাদেশির যাবজ্জীবন

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক নাইমুর জাকারিয়া রহমান সংগৃহীত ছবি


যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হত্যার ষড়যন্ত্র করায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক নাইমুর জাকারিয়া রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গত জুলাইয়ে লন্ডনের ওল্ড বেইলি আদালত নাইমুরকে দোষী সাব্যস্ত করেছিলেন। গত শুক্রবার আদালত তার শাস্তি নির্ধারণ করে বলে জানিয়েছে রয়টার্স।

আদালত জানান, প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিট অফিসে বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে থেরেসা মে’কে কুপিয়ে ও গুলি করে হত্যার পরিকল্পনা করেছিলেন ২১ বছর বয়সী নাইমুর। তিনি উত্তর লন্ডনে পরিবারের সঙ্গে বসবাস করতেন। গোয়েন্দারা ফাঁদে ফেলে গত বছরের ২৮ নভেম্বর তাকে গ্রেফতার করে। এর আগে ওই বছরের আগস্টে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অশালীন ছবি পাঠানোর সন্দেহে নাইমুরকে আটক করেছিল পুলিশ। তখন তার মোবাইল ফোনে ধর্মীয় উগ্রবাদীদের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত পেয়ে তার পিছু নেন কর্মকর্তারা।

এরপর লন্ডন মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের সন্ত্রাস দমন কর্মকর্তাদের একটি ছদ্মবেশী অভিযানে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হয়ে ওঠেন নাইমুর। ব্রিটেনে হামলা চালানোর জন্য তিনি ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে অনলাইনে যোগাযোগ করছিলেন বলে ধারণা করা হয়। আদালতে বলা হয়, সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়া এক চাচার সঙ্গে যোগাযোগ ছিল নাইমুরের। ওই চাচাই তাকে ব্রিটেনে হামলা চালানোর জন্য উৎসাহিত করেছিলেন। সিরিয়ায় ড্রোন হামলায় চাচার মৃত্যুর পর এই পরিকল্পনা নিয়ে এগোন নাইমুর।

বিচারের সময় আদালতে আইএস সদস্য পরিচয় দেওয়া এক নিরাপত্তা কর্মকর্তার কাছে টেলিগ্রাম অ্যাপে নাইমুরের পাঠানো বিভিন্ন মেসেজ পড়া হয়। গত বছর ১৪ সেপ্টেম্বর তিনি লিখেছিলেন, ‘আপনি কি আমাকে স্লিপার সেল এএসএপিতে নিতে পারেন? আমি পার্লামেন্টে আত্মঘাতী বোমা হামলা চালাতে চাই। আমি থেরেসা মে’কে মারার একটি চেষ্টা করতে চাই।’

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১