বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০১৮

'মাদক জঙ্গিবাদ ও বাল্য বিয়ে রুখতে হবে'

চাঁদপুরে প্রথম আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে খেলোয়ার ও দর্শকদের মাদক, বাল্য বিয়ে ও জঙ্গিবাদ বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা পুলিশ সুপার শামসুন্নাহার ছবি: বাংলাদেশের খবর


মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কিশোর যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

আজ মঙ্গলবার চাঁদপুরের প্রথম আন্তঃজেলা মাদক জঙ্গিবাদ ও বাল্য বিবাহ বিরোধী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা শেষে তিনি এ আহ্বান জানান।

আজ মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। চাঁদপুর সদর উপজেলাকে একমাত্র গোলে হারিয়ে হাজীগঞ্জ উপজেলা ফাইনালের টিকেট পায়। আগামী ১০ আগস্ট ফাইনালে কচুয়া উপজেলার মুখোমুখি হবে হাজীগঞ্জ উপজেলা।

খেলা শুরুর আগে উভয় দলসহ মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক ও অতিথিদের মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্য বিয়ে বিরোধী  শপথ বাক্য পাঠ করান চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শামসুন্নাহার বলেন,  মাদক, বাল্য বিয়ে এবং জঙ্গিবাদ বিরুদ্ধে গ্রামগঞ্জে জনসচেতনতা বাড়ানোই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, ফুটবল খেলার মাধ্যমে আমারা সামাজিক আন্দোলন শুরু করেছি, তা ধরে রাখতে হবে। চাঁদপুর জেলা হবে মাদক, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ মুক্ত একটি জেলা।

শামসুন্নাহার বলেন, গ্রাম থেকে শহরে সর্বত্রই শিশু কিশোরদের মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদক আমাদের সমাজকে কুঁড়ে কুড়ে খাচ্ছে।

তিনি বলেন, একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে সমাজ থেকে অন্ধকার দূর করতে হবে। মাদক জঙ্গিবাদ সন্ত্রাস এবং বাল্য বিয়ে  সমাজের অন্ধকার। এ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা গ্রাম থেকে শহরে সবখানে সাধারণ মানুষের মধ্যে মাদক জঙ্গিবাদ সন্ত্রাস এবং বাল্য বিয়ে বিরুদ্ধে জাগরণ সৃষ্টি করার চেষ্টা করেছি। আশা করছি মানুষ জেগে উঠেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব উল আলম লিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসো.র সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ফুটবল উপ-কমিটির সাধারন সম্পাদক শাহির হোসেন পাটোয়ারী, চাঁদপুর সদর থানার ওসি ওয়ালিউল্যাহ, কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আলী আশরাফ দুলাল, সাধারন সম্পাদক ও ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ মজুমদার, চাঁদপুরা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১