বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০১৮

আজ থেকে বন্ধ নাইট কোচও


সড়কে নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বর্তমান অস্থিতিশীল পরিবেশে নাইট কোচসহ দূরপাল্লার সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এনায়েত উল্লাহ খান সাংবাদিকদের বলেন, ‘সমিতি থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে মালিকরা ব্যক্তিগতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে রাতের বেলাও বাস ছাড়বে না।’

ঢাকা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল কবে নাগাদ শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা না থাকছে ততদিন বাস চলবে না বলে মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন।’

গত রোববার ঢাকার কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এরপর নিরাপদ সড়কের দাবিতে গণপরিবহণের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স যাচাই করছে শিক্ষার্থীরা। এরই জের ধরে ঢাকার রাস্তায় গত পাঁচদিন প্রায় বন্ধই ছিল গণপরিবহন।

তবে শুক্রবার থেকে দেশের বিভিন্ন জায়গায় বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এমনকি ঢাকা থেকে গত দুইদিনে দূরপাল্লা বা আন্তঃজেলা কোনো বাসও ছেড়ে যায়নি এবং ঢাকায়ও প্রবেশ করেনি।

পরিবহন মালিক ও শ্রমিকরা একদিকে যেমন গাড়ি চালাননি, অপরদিকে তারা গাড়ি চলাচলে বাধাও দিয়েছেন। রাজধানীর সায়েদাবাদসহ বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকরাই সড়কে নেমে যান চলাচলে বাধা দেন। এমনকি বাস থেকে যাত্রীদের রাস্তায় নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১