বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২০

করোনা : পেঁয়াজের দাম দ্বিগুণ নেয়ায় কারওয়ান বাজারে জরিমানা


প্রাণঘাতী নভেল করোনাভাইরাসকে (কোভিড-১৯) আতঙ্কে মানুষ বেশি করে দৈনন্দিন যিনিষ কিনতে শুরু করলে, অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম এক দিনেই কেজিতে বাড়িয়েছে ২০ থেকে ২৫ টাকা।

আর এই বাড়ার কোনো সুনির্দিষ্ট  প্রমাণ দেখাতে না পারায় বেশ কয়েকটি পাইকারি ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারে অভিযান করে অধিদফতর। এসময় ভোক্তা আইন লঙ্ঘনের দায়ে পেঁয়াজ বিক্রেতাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান সার্বিক তত্ত্বাবধান করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

তিনি বলেন, করোনাভাইরাসের আতঙ্কে মানুষ বেশি কেনাকাটা করছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে পণ্যের দাম বাড়িয়েছে দিয়েছে। এসব কালবাজারিদের ধরতে অভিযান করছি।

তিনি আরও বলেন, হজরত আলী নামে এক পাইকারি ব্যবসায়ী পেঁয়াজের দাম এক দিনেই কেজিতে ২০ থেকে ২৫ টাকা বাড়িয়েছে। গতকালও তিনি ৪৪ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন।

আজ বিক্রি করছিলেন ৬৫ টাকায়। তার কাছে বাড়তি দামের কেনার রশিদ দেখতে চাইলে উনি তা দেখাতে পারেননি। এ অপরাধে তার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে। এরপর একই অপরাধ করলে প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হবে।

এছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান করেছি। দাম বেশি নিচ্ছেন। আবার অনেক প্রতিষ্ঠানই মূল্য তালিকা নেই এসব অপরাধে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকে পেঁয়াজ, আলু ও রসুন কিনে মজুদ করছেন।

ফলে এসব পণ্যের চাহিদা বেড়ে গেছে। এ সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন। দুই দিনের ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। পেঁয়াজের পাশাপাশি দাম বেড়েছে আদা, রসুন ও আলুর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১