বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২০

দিল্লিতে নির্ভয়ার চার ধর্ষক–হত্যাকারীর ফাঁসি কার্যকর

শুক্রবার ভোরে দিল্লির তিহার জেলে চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সংগৃহীত ছবি


ভারতের দিল্লিতে ২০১২ সালে চলন্ত বাসে প্যারামেডিকেল ছাত্রী নির্ভয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির ফাঁসি কার্যকর করেছে ভারত। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চার আসামি হলেন অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও মুখেশ সিং। স্থানীয় সময় শুক্রবার ভোরে দিল্লির তিহার জেলে ওই চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আসামি চারজনকে ২০১৩ সালে মৃত্যুদণ্ড দিয়েছিল ভারতের একটি দ্রুত বিচার আদালত। ছয় বছর পর সর্বোচ্চ আদালতের রায়েও তাদের সেই দণ্ড বহাল থাকে।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় তিহার জেলে কড়া নিরাপত্তার মধ্যে ওই চার ধর্ষকের ফাঁসি কার্যকর করা হয় বলে জানিয়েছে বিবিসিসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভারতে ২০১৫ সালের পর এই প্রথম মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হলো। এরআগে ২০১৩ সালে দেশটির দ্রুত বিচার আদালত এই চারজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

২০১২ সালে নয়াদিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনা সে সময় ‘নির্ভয়াকাণ্ড’ নামে পরিচিতি পায়।

এ ঘটনা ভারতসহ সারা বিশ্বে আলোড়ন তোলে। ভারতে ধর্ষণবিরোধী নতুন আইন প্রণয়ন করা হয়।

ধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। তাঁদের মধ্যে প্রধান আসামি বাসচালক রাম সিং নামের এক অভিযুক্ত ব্যক্তিকে ২০১৩ সালের মার্চে কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হয়, তিনি আত্মহত্যা করেন।

ধর্ষণের সময় যে আসামির বয়স ১৭ বছর ছিল, তাকে ২০১৫ সালে মুক্তি দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১