বাংলাদেশের খবর

আপডেট : ২৩ January ২০২০

ঝরঝরে শাকিব


প্রতিনিয়তই ভাঙাগড়ার খেলায় মেতে থাকতে হয় অভিনয়শিল্পীদের। তেমনই ‘বীর’ সিনেমার জন্য নিজের ওজন বাড়িয়েছিলেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। এরই মধ্যে এই সিনেমাটির শুটিং প্রায় শেষ করেছেন তিনি। বাকি আছে বীর সিনেমার কিছু কাজ। দুদিন শুটিং করলেই শেষ হবে ‘বীর’র বাকি শুটিং। এই সিনেমার শুটিং শেষ করে পরবর্তী সিনেমার জন্য নিজেকে তৈরি করতে শুরু করেছেন শাকিব। জানা গেছে, গত কয়েকদিনে নিয়মিত ব্যায়াম করে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এখন বেশ ঝরঝরে অবস্থায় রয়েছে তার শরীর।

এখানেই শেষ নয়, শাকিবের ভক্তদের জন্য নতুন খবর হলো আবারো কলকাতার পথে হাঁটছেন শাকিব খান। আগামী সপ্তাহের শেষদিকে কলকাতার অন্যতম শীর্ষ প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে মিটিং করতে যাচ্ছেন তিনি। এছাড়া কলকাতায় ‘বীর’ সিনেমার এডিটিংয়ের কাজও করবেন তিনি। মিটিং শেষ করে দেশে ফিরেই ঈদের সিনেমার কাজে হাত দেবেন শাকিব।

কলকাতায় শাকিব খানের যাত্রা শুরু এসকে মুভিজের হাত ধরে। ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ সিনেমাগুলোর প্রযোজনা সংস্থা ছিল এসকে মুভিজ। পরে এসকে মুভিজের কাছে পারিশ্রমিক বেশি চাওয়ায় শাকিবকে নিয়ে ছবি করতে অপারগতা প্রকাশ করেন তারা।

দেশের সিনেমার পাশাপাশি নিয়মিত কলকাতার সিনেমায়ও অভিনয় করেন তিনি। কলকাতার প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ‘নাকাব’ সিনেমায় অভিনয় করার পর থেকে শুরু হয় ঝামেলা। এরপর আর কলকাতার সিনেমায় অভিনয় করেননি শাকিব। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কোন বিষয় নিয়ে শাকিব মিটিং করবেন তা এখনো অজানা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১