আপডেট : ২২ December ২০১৯
কলকাতার সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’ দিয়ে জনপ্রিয়তা পান মাঈনুল আহসান নোবেল। সংগীত জীবনের শুরু থেকেই নানা রকম সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। তবে অনেকদিন ধরেই ছিলেন সব রকম আলোচনার বাইরে। নিজের মতো করে গান ও শো নিয়ে ব্যস্ত তিনি। কিন্তু নতুন করে আরো একবার বিতর্কের কেন্দ্রে নোবেল। এবার তার বিরুদ্ধে উঠেছে গান চুরির অভিযোগ। গত ১৮ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবে ‘দেশ’ শিরোনামের একটি গান প্রকাশ করেন নোবেল। যেখানে গানটির কথা ও সুর নিজের বলে দাবি করেন তিনি। এরপরই নোবেলের এই গানটির বিরুদ্ধে চুরির অভিযোগ তোলে ব্যান্ডদল ‘অ্যাবাউট ডার্ক’। ফেসবুকে ব্যান্ডদলটির গিটারিস্ট ও গানটির লেখক নাসির উল্লাহর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে পরদিনই ফেসবুক পেজ ও ইউটিউব থেকে গানটি সরিয়ে ফেলেন নোবেল। নোবেলের বিরুদ্ধে গান চুরির অভিযোগ প্রসঙ্গে ‘অ্যাবাউট ডার্ক’ ব্যান্ডদলের গিটারিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য এরফান আহমেদ পূর্ণ বলেন, ‘অ্যাবাউট ডার্ক’ ব্যান্ড প্রতিষ্ঠার সময় ২০১৬ সালে নোবেল আমাদের ব্যান্ডে যোগ দেয়। ব্যান্ডের বিভিন্ন যন্ত্রপাতি আত্মসাতের অভিযোগে তাকে ব্যান্ড থেকে কিছুদিন পরই বের করে দেওয়া হয়। সম্প্রতি নোবেল যে গানটি নিজের বলে প্রকাশ করেছে, গানটি ২০০৫ সালে নাসির উল্লাহ ভাইয়ের লেখা। ২০১৬ সালে গানটিতে দুটি লাইন সংযোজন করে নোবেল। তবে তাকে দল থেকে বের করে দেওয়ার পর আমরা নোবেলের ওই দুই লাইন বাদ দিয়ে গানটি নতুন করে ‘তুমি’ শিরোনামে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করেছি। এ ব্যাপারে নোবেলের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১