বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৯

প্রথমবার বাংলায় গাইলেন রাহাত ফতেহ আলী খান


উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খান পাকিস্তানের পাশাপাশি বলিউডের ছবিতে গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন প্রায় গোটা বিশ্বে।

সেই রাহাত ফতেহ আলী খান হিন্দি ও উর্দুর বাইরে এবারই প্রথম গাইলেন বাংলা গান।

উল্লেখযোগ্য বিষয় হলো, গানটি লিখেছেন বাংলাদেশেরই গীতিকার রবিউল আউয়াল। তিনি জানান, পাকিস্তানের সালমান আশরাফের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাহাত, যা ২৫ নভেম্বর ইউটিউবে উন্মুক্ত হয়। ‘তোমারই নাম লেখা’ শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে সুরকার সালমান আশরাফের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গানটি তৈরি ও প্রকাশ প্রসঙ্গে গীতিকার রবিউল আউয়াল বলেন, ‘সত্যি বলতে এটা আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজের ঘটনা। পাকিস্তানের সুরকার-শিল্পী সালমান আশরাফের জন্য আগেও আমি বেশ কটি গান লিখেছি। সেগুলো তিনি নিজেই গেয়েছেন। কিন্তু আমার লেখা গান যে রাহাত ফতেহ আলী খানের মতো শিল্পী গাইবেন, সেটি আমি স্বপ্নেও ভাবিনি।’

গজল, কাওয়ালি ও বলিউড সিনেমার বিরহ-প্রধান গানের জন্য সারা বিশ্বে সমাদৃত রাহাত ফতেহ আলী খান।

পেশায় চাকরিজীবী রবিউল আউয়াল জানান, ২০০৫ সাল থেকে তিনি গান লিখছেন। তবে ২০১৮ সালে পাকিস্তানের শিল্পী সালমান আশরাফের সঙ্গে তার পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। তখন থেকে তারা দুজনে বাংলা গান নিয়ে কাজ করে যাচ্ছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১