বাংলাদেশের খবর

আপডেট : ৩০ October ২০১৯

সিনেমার পরিচালক যখন হোটেল বয়


‘সিনেমা বানিয়ে নিঃস্ব পরিচালক এখন হোটেল বয়’ এই সময়ের সবচেয়ে আলোচিত খবর এটি। ‘গন্তব্য’ নামের সিনেমাটি নির্মাণ করতে গিয়ে জমি ও স্ত্রীর গয়না বিক্রি করেছেন। তাতেও সিনেমার অর্থের জোগান না হওয়ায় সুদে ঋণ নেন।

কোনোমতে ছবিটির নির্মাণ শেষ করতে পারলেও সব হারিয়ে নিঃস্ব নির্মাতা ছবির মুক্তি দিতে পারছেন না। উল্টো বেঁচে থাকার তাগিদে তাকে বেছে নিতে হলো হোটেল বয়ের কাজ।

খবরটি প্রকাশ হলে শোবিজে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। অনেকেই অরণ্য পলাশের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তার সঙ্গে যোগাযোগ করছেন।

তবে অনেকেই এই নির্মাতাকে সমালোচনায় ধুয়ে দিচ্ছেন। চোখে পড়ছে ফেসবুকের অনেক লেখা। কেউ বলছেন সর্বস্ব বিক্রি করে নিঃস্ব হয়ে সিনেমার বানানোএক শিল্পচর্চা বলে না। এটাই নিজের ও পরিবারের লোকদের ওপর একটা অত্যাচার।

কেউ আবার দাবি করছেন একজন শিক্ষিত লোক, মোহনা টিভিতে কাজের অভিজ্ঞতাও আছে তার। সিনেমা বানাতে পারেন। তার একটি চাকরি কোথাও হলো না? কেন তাকে হোটেলে গিয়ে কাজ করতে হলো ২৫০ টাকায়? এই প্রশ্নের সঙ্গে আরো প্রশ্ন যোগ করে অনেকে বলছেন, এটা কোনো ধান্ধাবাজির জন্য নয় তো? সবার সিমপ্যাথি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রাষ্ট্রের তহবিলের টাকা নেয়ার ধান্ধা। ছবিতে বঙ্গবন্ধুর নাম জড়িয়েও ফাঁদ পেতেছেন তিনি, এমন অভিযোগও উঠছে।

‘গন্তব্য’ ছবির নায়ক ফেরদৌস সংবাদ মাধ্যমে আক্ষেপ করেছেন এই খবর পড়ে। তিনিও নাকি পরিচালকের ওপর ক্ষুব্ধ এমনটাই জানা গেছে। এদিকে জানা গেছে, তার ওপর ক্ষোভ আছে স্ত্রী এলিনা শাম্মিরও।

মূলত স্ত্রীকে নিয়েই সিনেমাটি প্রযোজনা করেন পলাশ। সেটা করতে গিয়ে তাদের ঋণ করতে হয়। ঋণ বাবদ প্রতি মাসে কিস্তি দিতে হতো এলিনা শাম্মিকে। কারণ অরণ্য পলাশ ছিলেন বেকার। যে কারণে বাসা ভাড়া থেকে শুরু করে সব খরচ বহন করতেন স্ত্রী এলিনা।

এদিকে চলচ্চিত্র প্রযোজক সমিতিতে সিনেমাটি নিজের নামে নিবন্ধন করান অরণ্য পলাশ। এটা জেনে ক্ষেপে যান এলিনা। তিনি নিবন্ধনে জোচ্চুরির অভিযোগ তুলে সিনেমা থেকে সরে দাঁড়ান। তারপরই বিপাকে পড়েন অরণ্য পলাশ। কোনো রকমে সিনেমাটি শেষ করতে পারলেও সেটি মুক্তি দিতে পারছেন না। আর কোনো চাকরি না থাকায় বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে তাকে হোটেল বয়ের কাজ করতে হচ্ছে।

সিমপ্যাথি দেখিয়ে আপনি সরকারি অনুদান পাওয়ার পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। প্রশ্নের উত্তরে অরণ্য পলাশ বলেন, ‘আমি জানি না লোকে কেন আমার ব্যক্তিগত বিষয় নিয়ে টানছে। আমি টাকা চাই না। সিনেমাটি মুক্তি দিতে চাই।’

‘গন্তব্য’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, আইরিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী রাজু, আফফান মিতুলসহ অনেকে। সিনেমাটির জন্য এসব শিল্পীরাও নামে মাত্র পারিশ্রমিক নিয়েছেন। বিশেষ করে নায়ক ফেরদৌস ছবিটির জন্য পারিশ্রমিক নেননি। তিনি আরও এই ছবির জন্য স্পন্সর ব্যবস্থা করে দিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১