আপডেট : ০৪ September ২০১৯
অভিনেতা, নির্মাতা ও নাট্যকার হিসেবে তৌকীর আহমেদের আকাশচুম্বী জনপ্রিয়তা। তবে বর্তমানে অভিনয়ে কম দেখা যায় তাকে। গল্প ও চরিত্রে ব্যতিক্রমী কিছু থাকলে তবেই পর্দায় দেখা দেন তিনি। চলচ্চিত্র নির্মাণেই এখন বেশি মনোযোগী তিনি। সর্বশেষ তিনি ‘ফাগুন হাওয়ায়’ নির্মাণ করেছেন। আপাতত নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। এবার নাম লেখালেন ওয়েব সিরিজে। প্রথমবারের মতো ‘ব্ল্যাকমেইল’ নামের ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন আর বি প্রীতম। ছয় পর্বের এই ওয়েব সিরিজটির শুটিং গতকাল মঙ্গলবার থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে। এর দৃশ্যধারণের কাজ শেষ হবে শুক্রবার, এমনটিই জানিয়েছেন নির্মাতা। গল্প প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘ওয়েব সিরিজটিতে তৌকীর আহমেদ একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। সেই অফিসারের বাড়িতে একটি সন্ত্রাসীর ঘটনা নিয়েই ওয়েব সিরিজটির গল্প তৈরি করা হয়েছে।’ এতে অভিনয় প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘এটির গল্প এবং আমার চরিত্রটি নিয়ে পরিচালক এর আগে আমার মুখোমুখি হয়েছিলেন। সবকিছু জেনে আমি এতে অভিনয়ে সম্মত হই। আশা করছি, কাজটি উপভোগ্য হবে।’ তৌকীর আহমেদ ছাড়াও ‘ব্ল্যাকমেইল’-এ আরো অভিনয় করছেন- জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সৈয়দ বাবু, আরশ, বায়োজিত, নিশিসহ আরো অনেকে। জানা গেছে শিগগিরই কাজ শেষে প্রচারে আসবে এই ওয়েব সিরিজটি। আশির দশকের মাঝামাঝি সময়ে অভিনয়ে আসেন তৌকীর আহমেদ। সে সময় ছোটপর্দার রোমান্টিক নায়কদের মধ্যে শীর্ষে অবস্থান ছিল তৌকীরের। অভিনয়ের পাশাপাশি ২০০৪ সালে ‘জয়যাত্রা’ পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবেও নাম লেখান তিনি। এই ছবি নির্মাণ করে পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এরপর ‘দারুচিনি দ্বীপ’, ‘রূপকথার গল্প’, ‘অজ্ঞাতনামা’ ও হালদা’ ছবি নির্মাণ করেন। ‘দারুচিনি দ্বীপ’ ও ‘অজ্ঞাত নামা’র জন্যও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়-পরিচালনার পাশাপাশি লেখালেখিও করেন তৌকীর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১