বাংলাদেশের খবর

আপডেট : ২৮ June ২০১৯

ভিনদেশে অভিনয়ে ব্যস্ত শিল্পীরা


ঢালিউডের তারকারা এখন ঢালিউডের পাঠ চুকিয়ে কলকাতার ছবিতে অভিনয়ের দিকে বেশি ঝুঁকছেন। মধ্যে বেঁধেছিল বিপত্তি। চলতি বছরের এপ্রিলে ভারতের জাতীয় নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রায় অংশ নিয়ে বেশ বিপাকে পড়েন বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস। এ জন্য তার ভারতীয় ভিসাও বাতিল হয়। শুধু তাই নয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কালো তালিকায় তার নাম উঠেছে বলেও ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশি শিল্পীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করত কলকাতার ছবিতে তারা নিয়মিত হতে পারবেন নাকি সব সম্ভাবনা নাকচ হয়ে যাবে। ‘মরার উপর খাঁড়ার ঘা’র মতো নতুন খবর আসে কলকাতার ‘অভিযাত্রিক’ ছবিতে অপু চরিত্রে ঢালিউড অভিনেতা আরিফিন শুভ কাজ করতে পারছেন না। জানা যায়, ভারতে ভ্রমণ ভিসায় গিয়ে শুটিং করতে পারবেন না বলে সতর্ক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

তবে এখন সব শঙ্কা কেটে গেছে। বর্তমানে আবারো বাংলাদেশি শিল্পীদের কয়েকজনকে কলকাতার ছবিতে শুটিংয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ হয়েছে। সম্প্রতি কলকাতার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হন ঢালিউড অভিনেত্রী আইরিন।

তার পরপরই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে কলকাতায় যান অপু বিশ্বাস। সম্প্রতি ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনীত ‘বিবাহ অভিযান’ নামে নতুন একটি ছবি কলকাতায় মুক্তি পায়।

অন্যদিকে কলকাতায় ‘রক্তলীলা’ নামে নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। এ অভিনেত্রী কলকাতা ও মুম্বাইয়ের প্রোডাকশনে আরো কয়েকটি ছবিতে শিগগিরই চুক্তিবদ্ধ হবেন বলেও জানিয়েছেন। এরই মধ্যে কলকাতার নতুন ছবিতে কাজ করার ঘোষণা দিয়েছেন জয়া আহসান। তিনি বলেন, ‘কলকাতায় কাজ করতে এখন পর্যন্ত আইনি কোনো সমস্যায় পড়তে হয়নি। স্বাচ্ছন্দ্যে কাজ করছি। সামনে আরো কিছু কাজ করব। তবে কলকাতার নির্মাতারা আমাকে একটি বিষয় অবগত থাকতে বলেছেন সেটি হচ্ছে, ভিসা ও অন্যান্য কাগজপত্র যেন সঠিক থাকে। ঢাকা-কলকাতা আসা-যাওয়া নিয়ে যেন কোনো সমস্যা না হয়। সবকিছু যেন লিগ্যাল হয়, এটিই বলেছেন তারা।’

প্রশ্ন উঠেছে তবে কি ঢালিউডের প্রতি তারকারা আগ্রহ হারিয়ে ফেলছেন। যেখানে ঢালিউড আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, সেখানে নতুন করে তারকাদের ভিনদেশি হওয়াটা কতটুকু শোভনীয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন চলচ্চিত্রবিশ্লেষকরা। যদিও এ ব্যাপারে কোনো সদুত্তর পাওয়া যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১