বাংলাদেশের খবর

আপডেট : ২০ June ২০১৯

ঋতুপর্ণার ‘বিউটিফুল লাইফ’


বয়স যতই বাড়ুক, অভিনয়ে বিন্দুমাত্র ভাটা পড়েনি কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। একের পর এক নতুন সিনেমায় দেখা যাচ্ছে এ নায়িকাকে। ঝলক দেখিয়ে যাচ্ছেন এখনো।

সে ধারাবাহিকতায় ঋতুপর্ণা আবারো চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি ছবিতে। নাম ‘বিউটিফুল লাইফ’। জানা গেছে, ছবিটি পরিচালনা করছেন আর ডি নাথা। এতে ঋতুপর্ণা ছাড়াও রয়েছেন টোটা রায় চৌধুরী, শ্রীলা মজুমদার, পরান বন্দ্যোপাধ্যায়, দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী সেনগুপ্ত প্রমুখ।

ভারতীয় একাধিক গণমাধ্যম পরিচালক আর ডি নাথার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে। তাদের দাবি, ‘বিউটিফুল লাইফ’ হতে যাচ্ছে জীবনধর্মী একটি সিনেমা। এতে এমন কিছু থেরাপি দেওয়া হয়েছে, যাতে মানুষের মন ভালো হয়ে যায়। গুরুত্ব দেওয়া হয়েছে মনস্তাত্ত্বিক বিষয়কেও। আর এ ছবিতে অভিনেত্রী ঋতুপর্ণাকে দেখা যাবে একজন ভাস্করের চরিত্রে।

দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক ও শৈল্পিক ধারার সিনেমায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এ অভিনেত্রী। কাজ করেছেন বাংলাদেশ ও হিন্দি ভাষার চলচ্চিত্রেও। বর্তমানে বেশ কয়েকটি বাংলা ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। সব ছবিতেই ভিন্ন ধারার অভিনয় করছেন তিনি।

তবে সবচেয়ে বেশি আশাবাদী তিনি ‘দত্তা’ নিয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘দত্তা’ নামক উপন্যাসটিকে ভিত্তি করেই তৈরি হচ্ছে এ ছবি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের ফেরদৌস আহমেদ। ছবিটির কিছু অংশের কাজ শেষ হওয়ার পর ফেরদৌসের ভিসাসংক্রান্ত জটিলতার কারণে আপাতত বন্ধ আছে ছবিটির শুটিং। ছবিটি পরিচালনা করছেন নির্মল চক্রবর্তী। ছবিটি প্রসঙ্গে ঋতুপর্ণা বলেছেন, আমি যে ধরনের চরিত্রগুলো করতে চাই ‘দত্তা’ ছবিতে আমার চরিত্রটা ঠিক সে রকমই। আমার খুব পছন্দের চরিত্রগুলোর মধ্যে এটা একটা। তাছাড়া বিজয়ার চরিত্রটা এর আগে সুচিত্রা সেন করেছিলেন, তাই এটার জন্য আমার অন্যরকম একটা অনুভূতিও কাজ করছে। সব মিলিয়ে এখনো কলকাতা দাপিয়ে বেড়াচ্ছেন ঋতুপর্ণা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১